ওয়েব ডেস্ক; ১৩ ডিসেম্বর : মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর!
দমদম বিমানবন্দরে সকালে বা রাতে পৌঁছানো বিমানযাত্রী এবং অন্যান্য যাত্রীদের সুবিধার জন্য, মেট্রো রেল আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) থেকে পরীক্ষামূলকভাবে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করতে চলেছে।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই রুটে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত দুটি সরাসরি মেট্রো পরিষেবা (একটি সকালের ব্যস্ত সময়ে এবং অন্যটি সন্ধ্যায়) চলবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে এই দুটি পরিষেবার সুযোগ নিয়ে যে সমস্ত যাত্রী এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহীদ ক্ষুদিরামের মতো গন্তব্যে যেতে চান, তাঁদের আর নোয়াপাড়া স্টেশনে ট্রেন পরিবর্তন করতে হবে না।
এই দুটি সরাসরি পরিষেবার মধ্যে প্রথমটি জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৯:৩৬ মিনিটে ছাড়বে। জয় হিন্দ বিমানবন্দর থেকে দ্বিতীয় সরাসরি মেট্রো পরিষেবাটি ছাড়বে রাত ৯টায়।
আশা করা যাচ্ছে , এই পরীক্ষামূলক পরিষেবাগুলি বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম বা কলকাতার আশেপাশে অন্যান্য স্থানে যাতায়াতকে মসৃণ ও সুবিধাজনক করে তুলবে।
