ওয়েব ডেস্ক ; ৩ ডিসেম্বর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কার্যকালে ৯০ বছর পূর্তি উদযাপন করছে। এই উপলক্ষ্যে দেশব্যাপী আরবিআই – এর বিভিন্ন আঞ্চলিক অফিসে স্নাতক স্তরের নীচে পড়ুয়াদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতাটির নাম দেওয়া হয়েছে আরবিআই৯০ ক্যুইজ। বিভিন্ন পর্যায়ে এই ক্যুইজ প্রতিযোগিতা হচ্ছে। সেপ্টেম্বর মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিভিন্ন কলেজের পড়ুয়াদের মধ্যে অনলাইন ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন হয়। সেখান থেকে নির্বাচিত ১৩৮ জন পড়ুয়ার ৬৯টি দল রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য রাজ্যস্তরে আরবিআই৯০ ক্যুইজ কলকাতায় কয়েকদিন আগে আয়োজন করা হয়। আঞ্চলিক স্তরে এই প্রতিযোগিতা হবে আগামীকাল। রাজ্যস্তরের প্রতিযোগিতায় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অগ্নিক দেবনাথ ও শুভার্থী দত্ত বিজয়ী হন। দ্বিতীয় স্থান অধিকার করে প্রভু জগৎবন্ধু কলেজ এবং তৃতীয় স্থান পায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। প্রথম তিন স্থানাধিকারীরা যথাক্রমে ২ লক্ষ, ১.৫ লক্ষ এবং ১ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন।
বিজয়ী দল এখন আগামীকাল আয়োজিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতা হবে মুম্বাইয়ে।
