২৩ নভেম্বর : অকুপেশনাল সেফটি বা পেশাগত নিরাপত্তা, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড, ২০২০ প্রণীত হয়েছে বিদ্যমান জটিল শ্রম আইনগুলির কাঠামোকে একীভূত ও সরলীকরণ করার জন্য। এটি ১৩-টি কেন্দ্রীয় শ্রম আইনকে প্রতিস্থাপন করে একটিমাত্র বিস্তৃত আইন হিসেবে কার্যকর করে, যার ফলে, বিভিন্ন শিল্প ও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে বৈচিত্র্য কমে এবং একরূপতা প্রতিষ্ঠিত হয়। স্বচ্ছতা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ উন্নত করা এবং ভারতে ব্যবসা পরিচালনার সরলতা ত্বরান্বিত করার উদ্দেশ্যে বৃহত্তর শ্রম আইনের সংস্কারের অংশ হিসেবে এই কোডটি প্রণীত হয়েছে। একক রেজিস্ট্রেশন, সর্বভারতীয় লাইসেন্স, ইলেকট্রনিক ফাইলিং এবং নির্দিষ্ট সময়সীমার অনুমোদন প্রক্রিয়ার মতো ব্যবস্থার মাধ্যমে অনুবর্তিতার সরলীকরণের পাশাপাশি, এটি প্রশাসনিক জটিলতা হ্রাস করে এবং বিনিয়োগকে উৎসাহিত করে। একই সঙ্গে, এই কোডটি শ্রমিকদের সুরক্ষা আরও শক্তিশালী করে কর্মসংস্থানের আনুষ্ঠানিকীকরণ নিশ্চিত করে, স্বাস্থ্য ও সুরক্ষা মান উন্নত করে এবং উন্নততর কল্যাণ ব্যবস্থার প্রবর্তন করে। ফলে, কোডটি দুটি লক্ষ্যকে সমানভাবে ভারসাম্য রক্ষা করে, শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং একটি ব্যবসা–বান্ধব নিয়ন্ত্রক পরিবেশ সৃষ্টি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে ত্বরান্বিত করা। এভাবে, ভারতের শ্রমবাজারকে আরও কার্যকর, ন্যায়সঙ্গত ও ভবিষ্যৎ–উপযোগী করে তোলে।
