কলকাতা ; ২ জুন : ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে গত কয়েকদিনের সমস্ত বিভ্রান্তি ও অপপ্রচারকে কার্যত নস্যাৎ করে দিল রাজ্য সরকার । সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই প্রকল্প ঘিরে যে সমস্ত মিথ্যে রটনা তৈরি করা হয়েছিল, তা কাটিয়ে এখন বিরোধীরাও বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করতে এগিয়ে আসছেন। সেই সঙ্গে এই জনমুখী প্রকল্পে সাধারণ মানুষের বিপুল সহযোগিতাও মিলছে।
প্রশাসন সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে পর্যন্ত এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অফলাইনেই সীমাবদ্ধ ছিল, তবে আজ থেকে তা সম্পূর্ণভাবে অনলাইনেও চালু করে দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াটি যাতে নিপুণভাবে সম্পন্ন হয়, তার জন্য রাজ্যজুড়ে উচ্চপদস্থ আধিকারিক তথা প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদার অফিসারদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সরাসরি জেলায় জেলায় গিয়ে এই কাজের ওপর কড়া নজরদারি ও মনিটরিং চালাচ্ছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী বুধবারই এই প্রকল্পের আওতায় একটি বড় অংশের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে। এই বিশেষ দিনটিকে সামনে রেখে রাজ্যের প্রতিটি ব্লকের বিডিও (BDO) অফিস এবং বিভিন্ন মিউনিসিপালিটিতে কর্মসূচীর সূচনা হিসেবে ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি, ওইদিন নবান্নের সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে যোজনা শুরু হবে।