ওয়েব ডেস্ক; ২ আগস্ট: অবৈধভাবে এলপিজি বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছে এমন খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল।
গত ৩১ জুলাই বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সাব-ইন্সপেক্টর বিভাগ ঘোষালের নেতৃত্বে বিধান নগর পুলিশের একটি দল বাগুইহাটি থানা এলাকার উদ্যান পল্লীতে অভিযান চালায়। জয় লাল হালদার (৪২) এবং দীপঙ্কর ঘোষ (১৯) নামে দুজনকে আটক করা হয়।
তারা গৃহস্থের ব্যবহার্জ এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের এবং মাপের গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরে সেগুলি বাইরে বিক্রি করতো এবং অটো রিক্সা চালানোর ক্ষেত্রেও ব্যবহার করা হতো ।
অভিযানে তাদের কাছ থেকে ৯টি সম্পূর্ণ ভর্তি এবং সিল করা গ্যাস সিলিন্ডার, তিনটি খালি গৃহস্থের ব্যবহার্জ গ্যাস সিলিন্ডার, এবং একটি ব্যবহার করা গ্যাস সিলিন্ডারের সাথে তিনটি মোটর, রেগুলেটার যুক্ত কপার জেড পাইপ এবং ইলেকট্রনিক মিটার লাগানো দুটি ওজন মেশিন পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে বাগুইহাটি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
বাগুইহাটির মতন জনবসতিপূর্ণ এই এলাকায় এই ধরনের জ্বলনশীল পদার্থ নিয়ে অনৈতিকভাবে ব্যবসা আগামী দিনে বড় কোন দুর্ঘটনার কারণ হতে পারত।
