ওয়েব ডেস্ক; ৯ জুলাই : আসিয়ান-ভারত বাণিজ্য চুক্তি পর্যালোচনার অগ্রগতি খতিয়ে দেখতে ভারত নতুন দিল্লির বাণিজ্য ভবনে ৬-১০ জুলাই ত্রয়োদশ আসিয়ান-ভারত পণ্য বাণিজ্য চুক্তি সংক্রান্ত যৌথ কমিটির বৈঠকের আয়োজন করেছে। বৈঠকগুলি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

যৌথ কমিটির ত্রয়োদশ বৈঠকের পাশাপাশি বর্তমানে যৌথ কমিটির অধীনে থাকা আটটি উপ-কমিটির মধ্যে তিনটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে কাস্টমস পদ্ধতি ও বাণিজ্য সুবিধা সংক্রান্ত উপ-কমিটি, জাতীয় আচরণ ও বাজার প্রবেশাধিকার সংক্রান্ত উপ-কমিটি এবং উৎপত্তির নিয়ম সংক্রান্ত উপ-কমিটি। এই বৈঠকগুলি ভারত ও আসিয়ানের মধ্যে সহযোগিতা গভীর করতে, পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে এবং গঠনমূলক সংলাপকে এগিয়ে নিতে এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে।

যৌথ কমিটি উপ-কমিটিগুলিকে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেছে এবং বকেয়া বিষয়গুলির দ্রুত মীমাংসা করার আহ্বান জানিয়েছে।

৭ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিত যৌথ কমিটির ত্রয়োদশ সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব নিতীন কুমার যাদব এবং মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উপ-মহাসচিব (বাণিজ্য) মাস্তুরা আহমেদ মুস্তাফা। সভায় আসিয়ানের সকল সদস্য রাষ্ট্র—ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম—এর প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

ভারতের বিশ্ব বাণিজ্যের প্রায় ১১ শতাংশের জোগান দেওয়া আসিয়ান নতুন দিল্লির অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। ২০২৫-২৬ সালে ভারত ও আসিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দুইপক্ষের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন ঘটায় এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের আরও সুযোগ তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *