ওয়েব ডেস্ক; ২৩ জুন : নতুন দিল্লিতে ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস-এর জাতীয় সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভাষণে রাষ্ট্রপতি বলেন, আমাদের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে সমাজে হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্টসদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি ইংরেজি অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতার সঙ্গে অ্যাকাউন্টিং শব্দটির সামঞ্জস্য খুঁজেছেন।

আধুনিক সময়ে এই হিসাব রক্ষা ও নিরীক্ষার অতি প্রয়োজনীয় কাজে দক্ষ পেশাদার তৈরি করার ক্ষেত্রে ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। বিশ্বমঞ্চে অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের পরিচিতির ক্ষেত্রে এই সংস্থার অবদান অনস্বীকার্য বলে তিনি মনে করিয়ে দেন। নীতি প্রণেতাদের সহায়তাতেও ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস-এর ভূমিকা তাৎপর্যপূর্ণ বলে রাষ্ট্রপতির অভিমত।

রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের বিষয়টি সারা বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য বাণিজ্যিক সংস্থাগুলি শুধুমাত্র মুনাফা অর্জনের জন্যই পরিচালিত হওয়া উচিত নয়। একটি সংস্থার ব্যয়ের ক্ষেত্রে পরিবেশগত মূল্যটিও সংযুক্ত হওয়া উচিত। আধুনিক যুগে অ্যাকাউন্টেন্টদের এই বিষয়টি মাথায় রাখতে হবে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গঠনের লক্ষ্যে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।