ওয়েব ডেস্ক; ১১ আগস্ট: ই-ভিসা নিয়ে বিদেশী নাগরিকদের ভারতে প্রবেশের জন্য আরও ১১ টি আন্তর্জাতিক বন্দরকে চিহ্নিত করল সরকার। এর মধ্যে রয়েছে ৯টি স্থল বন্দর ও দুটি বিমান বন্দর। এই নিয়ে ই-ভিসা রয়েছে এমন বিদেশী নাগরিকদের ভারতে প্রবেশের জন্য চিহ্নিত বন্দরের সংখ্যা দাঁড়াল ৮৮ তে। এর মধ্যে রয়েছে ৩৭টি বিমানবন্দর, ৩৮ টি সমুদ্র বন্দর এবং ১৩ টি স্থল বন্দর।

উল্লেখ্য, ভারতে ৯৫ শতাংশ ই-ভিসা প্রক্রিয়াকরণের কাজ ৭২ ঘন্টার মধ্যেই হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র নেতৃত্বাধীন সরকার ভিসার আবেদন প্রক্রিয়াকরণে গতি এনে বৈধ বিদেশী আগন্তুকদের ভারতে প্রবেশের কাজ সহজ করতে উদ্যোগী। প্রযুক্তিগত পরিকাঠামোর বিকাশের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার দিকটিতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ৪৩ টি দেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করা হয় ২০১৪ সালে। বর্তমানে ১৭২ টি দেশের নাগরিকরা ভারতের ই-ভিসা পরিষেবা পেয়ে থাকেন। ভারত এখন যত ভিসা দেয় তার ৭৮ শতাংশই ই-ভিসা।

নতুন যে স্থলবন্দরগুলি দিয়ে ই-ভিসাধারী বিদেশীদের ভারতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল আগরতলা, দাররাঙ্গা, গেদে, ঘোজাডাঙ্গা, হরিদাসপুর, জয়গাঁও, ডাউকি, মোরে এবং আট্টারি। এক্ষেত্রে নতুন যে বিমানবন্দর দুটিকে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল ভোপাল ও তিরুপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *