ওয়েব ডেস্ক ; ১৫ জুলাই : বর্তমান সময়কালে দেশে মৌসুমী বৃষ্টিপাত নির্ধারিত সময়ে হচ্ছে না। ঊষর মরুভূমি অঞ্চলে কৃষিকাজের পরিবর্তন এবং শুষ্ক অঞ্চলে সবুজের আস্তরণই এর কারণ বলে মনে করেন পরিবেশবিদ এবং সাংবাদিক ডঃ দেবদূত ঘোষ ঠাকুর। ডঃ ঘোষ ঠাকুর, যিনি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট – এর উপদেষ্টা, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতা আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন পিআইবি, কলকাতার অতিরিক্ত মহানির্দেশক শম্ভুনাথ চৌধুরী, সংস্থার ডেপুটি ডিরেক্টর (এম অ্যান্ড সি) অরিজিৎ চক্রবর্তী এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার শ্রীজাতা সাহা সাহু।
কর্মশালায় ডঃ ঘোষ ঠাকুর পরিচ্ছন্ন পরিবেশের উপর গুরুত্ব দিয়ে বলেন, দেশে বর্তমানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেন। মরু অঞ্চলে গবেষণায় দেখা গেছে যে, সেখানে বৃষ্টিপাত বহুলাংশে বেড়েছে। ঐ অঞ্চলে কৃষিকাজ বৃদ্ধি পাওয়ায় দেশ জুড়ে তার প্রভাব পড়েছে। এই সমস্যার সমাধানে তিনি বিজ্ঞানীদের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্বাগত ভাষণে চৌধুরী বলেন, ২০১৪ সালের স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন। মহাত্মা গান্ধীর স্বপ্নকে পূরণ করতে পরিচ্ছন্ন এবং সবুজ দেশ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
সাহা সাহু কর্মশালার পরিচালনা করেন। চক্রবর্তী ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন।
