ওয়েব ডেস্ক; ১০ মার্চ : ভারতীয় সশস্ত্র বাহিনী পৌঁছেছে সেশেলস-এ যৌথ সামরিক মহড়া “লামিতিয়ে – ২০২৬”-এর একাদশ সংস্করণে যোগ দিতে। সেশেলস ডিফেন্স ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে সেশেলস ডিফেন্স অ্যাকাডেমিতে ২০ মার্চ পর্যন্ত । ক্রিয়ল ভাষায় ‘লামিতিয়ে’র অর্থ ‘বন্ধুত্ব’। ২০০১ থেকে দু’বছর অন্তর সেশেলস-এ এই প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের মহড়ার বৈশিষ্ট্য হল, ভারতীয় সেনার তিনটি বাহিনীই এতে অংশ নিচ্ছে। আসাম রাইফেলস-এর পাশাপাশি আছে ভারতীয় নৌ-বাহিনী এবং বায়ুসেনা। আইএনএস ত্রিকান্ড এবং একটি সি-১৩০ বিমান এতে অংশ নেবে।
আধা-শহর পরিবেশে আপাত চিরাচরিত অভিযান এবং শান্তি রক্ষাকালে দুই বাহিনীর মধ্যে সহযোগিতার পরিসর বৃদ্ধি করাই এই মহড়ার লক্ষ্য। এই মহড়ার ফলে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। হবে দুই দেশের সেনার মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা এবং সেরা কার্যক্রমের আদানপ্রদান।
আধা-শহর পরিবেশে সমস্যার মোকাবিলায় একাধিক কৌশলগত মহড়া হবে দু’পক্ষের মধ্যে। প্রশিক্ষণ এবং পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত। প্রদর্শিত হবে নব-প্রজন্মের উপকরণ এবং প্রযুক্তি। ১২ দিনের যৌথ মহড়ায় আছে ফিল্ড ট্রেনিং এক্সারসাইজেস, যুদ্ধ নিয়ে আলোচনা, বিশেষ কোনো অভিযান নিয়ে সমীক্ষা, বক্তৃতা, প্রদর্শন এবং সবশেষে আছে দু’দিনের সমাপ্তি মহড়া।
পারস্পরিক বোঝাপড়া এবং দু’দেশের বাহিনীর মধ্যে জোটবদ্ধতা বাড়াতে এই মহড়া প্রভূত সাহায্য করবে।
