ওয়েব ডেস্ক ; ১৭ ডিসেম্বর : কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) কলকাতা আঞ্চলিক কার্যালয় কলকাতায় আর্থ সামাজিক সমীক্ষার ৮০তম রাউণ্ডের জন্য দুদিনের আঞ্চলিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে।
এই রাউণ্ডে যে বিষয়গুলি সমীক্ষার আওতায় আসবে সেগুলি হল- গৃহস্থালীতে ব্যবহৃত সামাজিক উপাদান : স্বাস্থ্য এবং টেলিকম সংক্রান্ত ব্যাপক সমীক্ষা(সিএমএস-টি)। স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষাটি আগামী বছরের ১লা জানুয়ারি থেকে শুরু হবে, চলবে এক বছর ধরে। টেলিকম সংক্রান্ত ব্যাপক সমীক্ষাটি আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত করা হবে।
এনএসও-র পারিবারিক সমীক্ষা বিভাগের অতিরিক্ত মহানির্দেশক সিদ্ধার্থ কুন্ডু, পূর্বাঞ্চলীয় উপ মহানির্দেশক(এফওডি) অতনু কুমার চৌধুরী এবং কলকাতা আঞ্চলিক কার্যালয়ের উপ মহানির্দেশক সঞ্জীব বসু এই শিবিরের উদ্বোধন করেন। সিদ্ধার্থ কুন্ডু তাঁর উদ্বোধনী ভাষণে জাতীয় স্তরের স্বাস্থ্য বিষয়ক তথ্য সংকলনের ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষা এবং এথেকে পাওয়া তথ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণের ক্ষেত্রে সমীক্ষা প্রধান ভূমিকা পালন করে। উচ্চমানের সময়োপযোগী তথ্যের জন্য তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কঠোর মান সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উপ অধিকর্তা দীপ্তর্ক দাস, সহকারী অধিকর্তা সুতপা ঘোষ এবং এনএসও-র ফিল্ড অপারেশন বিভাগের পদস্থ আধিকারিকরা এই শিবিরে অংশগ্রহণ করেছেন।
স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষার উদ্দেশ্য হল, স্বাস্থ্যক্ষেত্র নিয়ে মৌলিক পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ। প্রাথমিকভাবে এই সমীক্ষা থেকে অসুস্থতার সূচক, হাসপাতালে ভর্তির হার, সরকারি ও বে-সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবহার, প্রাতিষ্ঠানিক প্রসবের অনুপাত প্রভৃতি তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। রোগীদের আলাদাভাবে খরচ করতে হচ্ছে কিনা এবং তারা সরকারি চিকিৎসা বীমার সুযোগ কতটা পাচ্ছেন- সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
টেলিকম সংক্রান্ত সার্বিক সমীক্ষায় (সিএমএস) টেলিকম সম্পর্কিত সূচক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি)প্রয়োগ নিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য সংশ্লিষ্ট মন্ত্রক/ দফতর বিশ্বজনীন সূচক তৈরির জন্য পাঠাবে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রামগুলিতে যাওয়া কঠিন। সেই অঞ্চলগুলি ছাড়া সারা ভারত জুড়েই এই সমীক্ষা চালানো হবে।
