ওয়েব ডেস্ক; ১৬ মার্চ : ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ফাস্ট্যাগের বার্ষিক পাসের প্রযোজ্য ফি বর্তমান ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০৭৫ টাকা করার কথা ঘোষণা করেছে। বর্ধিত ফি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। এই ফি সংশোধন জাতীয় মহাসড়ক ফি (নির্ধারণ ও সংগ্রহ) বিধি, ২০০৮ অনুযায়ী করা হয়েছে। ৫৬ লক্ষেরও বেশি ব্যবহারকারীর পাশাপাশি, ব্যক্তিগত যানবাহন মালিকদের মধ্যে ফাস্ট্যাগ বার্ষিক পাসের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
জাতীয় মহাসড়ক এবং জাতীয় এক্সপ্রেসওয়েতে প্রায় ১,১৫০টি টোল প্লাজায় বার্ষিক পাসের সুবিধা পেতে ইচ্ছুক বৈধ ফাস্ট্যাগ সহ যোগ্য অ-বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে সংশোধিত হার প্রযোজ্য হবে। ফাস্ট্যাগ বার্ষিক পাস ফাস্ট্যাগ ঘন ঘন রিচার্জ করার প্রয়োজনীয়তা দূর করে। এককালীন ফি প্রদান করলে এক বছরের জন্য বা ২০০টি টোল প্লাজা অতিক্রম করার ক্ষেত্রে বৈধ। এই পাস বৈধ ফাস্ট্যাগ সহ সমস্ত অ-বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য।
হাইওয়ে ট্রাভেল অ্যাপ অথবা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে এককালীন ফি প্রদানের পর যানবাহনের সঙ্গে সংযুক্ত বর্তমান ফাস্ট্যাগের বার্ষিক পাস দুই ঘন্টার মধ্যে সক্রিয় হয়ে যায়।
১৫ই আগস্ট ২০২৫-এ চালু হওয়া ফাস্ট্যাগ বার্ষিক পাস ব্যবহারকারীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। এ থেকে স্পষ্ট হয় যে, এটি সারা দেশের জাতীয় মহাসড়ক ব্যবহারকারীদের জন্য ভ্রমণকে কতটা সুবিধাজনক এবং সাশ্রয়ী করে তুলেছে।
