ওয়েব ডেস্ক; ১ সেপ্টেম্বর: আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের জন্য দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অমৃতকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকও নানা অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রকের অধীনস্ত প্রকাশনা বিভাগ সাংস্কৃতিক ক্ষেত্রে গত ৭৫ বছরে যেসব সাফল্য অর্জিত হয়েছে সেগুলি তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

প্রকাশনা বিভাগ গত ৭৫ বছরে ভারতের চলচ্চিত্র শিল্পের বিভিন্ন দীর্ঘস্থায়ী সাফল্য সম্বলিত একটি পুস্তক প্রকাশ করেছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে (এসআরএফটিআই) ’৭৫ ইয়ার্স ৭৫ ফ্লিমস : ইন্ডিয়াজ সিনেমাটিক জার্নি’ বইটি প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন চলচ্চিত্র সমালোচক অমিতাভ নাগ। এই বইতে গত ৭ দশকে নির্মিত ৭৫টি চলচ্চিত্রের উল্লেখ রয়েছে। এই ছবিগুলির মাধ্যমে ভারতের সামাজিক-রাজনৈতিক অবস্থার বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

বই প্রকাশের পাশাপাশি সিনেমা সম্পর্কিত একটি প্রদর্শনিরও আয়োজন করা হয়। এছাড়াও চলচ্চিত্র শিল্পের পরিস্থিতি নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে,যেখানে সদ্য প্রকাশিত বইটি নিয়েও আলোচনা হয়েছে । এই আলোচনায় চলচ্চিত্র সমালোচক সোমা এ চ্যাটার্জি, পিটিআই-এর পূর্বাঞ্চলের কার্যনির্বাহী রেসিডেন্ট এডিটর জয়ন্ত রায়চৌধুরী , পিআইবি কলকাতার প্রধান মহানির্দেশক ভূপেন্দ্র কাইন্থোলা, এসআরএফটিআই-এর নির্দেশক হিমাংশু শেখর খাটু এবং লেখক অমিতাভ নাগ অংশগ্রহণ করেন।