ওয়েব ডেস্ক; ৩ জুন : প্রসার ভারতীর ডিজিটাল স্ট্রিমিং মঞ্চ ওয়েভস ওটিটি-র ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ২০২৪ – এর নভেম্বরে সূচনা হওয়ার পর, দু’বছরেরও কম সময়ে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যার নিরিখে এই মাইলফলক অতিক্রম করল ওয়েভস।
এই বিষয়টি ভারতের সরকারি ডিজিটাল মিডিয়া পরিমণ্ডলের প্রসারকে তুলে ধরে। দেশজ ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষের আগ্রহ কতটা বেড়েছে তারও প্রমাণ এই সাফল্য।
বর্তমানে ওয়েভস ওটিটি মঞ্চে ২৪ হাজারেরও বেশি কন্টেন্ট টাইটেল রয়েছে। সংবাদ, শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, জনপরিষেবা সংক্রান্ত ১৫ হাজার ঘন্টারও বেশি সময় ধরে সম্প্রচারযোগ্য বিষয়বস্তু রয়েছে এখানে। এই মঞ্চ থেকে বিষয়বস্তু সংগ্রহ করে তা সম্প্রচার করে থাকে ১৪০টিরও বেশি টিভি চ্যানেল এবং ২০০-রও বেশি বেতার সংস্থা। পিএম ই-বিদ্যা, যোজনা, কুরুক্ষেত্র এবং রোজগার সমাচারেরও ডিজিটাল সংস্করণ এখানে আপলোড করা রয়েছে। বিভিন্ন ভারতীয় ভাষায় এই মঞ্চের পরিষেবা পৌঁছে গেছে ১৩০টিরও বেশি দেশে।
১.৪ কোটিরও বেশি বিষয়বস্তু ডাউনলোড করা হয়েছে এই মঞ্চ থেকে। ওয়েভস ওটিটি-র আরও প্রসার এবং ২০২৭ সালের মার্চ মাস নাগাদ নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।