ওয়েব ডেস্ক; ২৮ আগস্ট: ২৮ আগস্ট কলকাতার নিউটাউনে এসবিআই ইন্সটিটিউট অফ লিডারশিপ – এ রোজগার মেলা উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সরকারি চাকরির ২৫টি নিয়োগপত্র তুলে দিলেন প্রার্থীদের হাতে। পরে, প্রায় ২৫৯টি নিয়োগপত্র ঐ অনুষ্ঠানে বিতরণ করা হ’ল নবনিযুক্তদের মধ্যে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), সশস্ত্র সীমা বল (এসএসবি), অসম রাইফেলস, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিভিন্ন দপ্তরে এই নিয়োগ হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চ্যুয়াল মাধ্যমে দিল্লি থেকে রোজগার মেলার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। দেশের ৪৫টি বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, রোজগার মেলার উদ্দেশ্য স্বচ্ছতার সঙ্গে সরকারের নিয়োগ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। দেশকে আত্মনির্ভর করে তুলতে যুবসম্প্রদায়কে নিয়োগে অভিনব প্রক্রিয়া শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ডাঃ সরকার বলেন, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর ঐ স্বপ্নকে সফল করার লক্ষ্যে রোজগার মেলা একটি পদক্ষেপ। আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং যুবসম্প্রদায়ের সশক্তিকরণ এবং তাদের দেশের উন্নয়নে সামিল করতে রোজগার মেলা অনুঘটক হিসেবে কাজ করবে বলে আশা। প্রধানমন্ত্রী নবনিযুক্ত কর্মীদের নাগরিকদের পরিষেবা দানের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানান। তিনি বলেন নবনিযুক্তরা তাঁদের জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন।
নবনিযুক্তরা আইগট কর্মযোগী পোর্টালে কর্মযোগী প্রারম্ভ অনলাইন মডিউলের সাহায্যে নিজেদের প্রশিক্ষিত করার সুযোগ পাবেন। ঐ পোর্টালে যে কোনও জায়গা থেকে যে কোনও যন্ত্রের মাধ্যমে ৬৭৩টিরও বেশি ই-লার্নিং পাঠ্যক্রমের সুবিধা পাওয়া যাবে।
