ওয়েব ডেস্ক; ৪ জানুয়ারি : কল্যাণী, নদিয়ার সেন্ট্রাল পার্কে কলকাতার কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর (CBC) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম (ICOP)–এর দ্বিতীয় দিনে, অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) আইন, ২০২৫ (VB-G RAM G আইন, ২০২৫) বিষয়ক একটি সেমিনার।
সেমিনারে বক্তব্য রাখেন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উপসচিব সুমন মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর পূর্বাঞ্চলীয় শাখার মহানির্দেশক টি. ভি. কে. রেড্ডি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মজুমদার VB-G RAM G আইন, ২০২৫–এর প্রধান সুবিধাগুলি তুলে ধরেন তাঁর বক্তব্যে। তিনি জানান, এই নতুন আইনের আওতায় প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে নিশ্চিত কর্মদিবস ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। এই নতুন আইনে জীবিকা, গ্রামীণ পরিকাঠামো ও উৎপাদনশীল সম্পদ সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, সমন্বিত কাঠামো (convergent framework), স্যাচুরেশন বা পরিপূর্ণতা–ভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যকে সামনে রেখে পূর্ববর্তী আইনকে পুনরায় সামঞ্জস্যপূর্ণ করা এই আইনের প্রধান বৈশিষ্ট্য।
মজুমদার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, সময়মতো মজুরি প্রদান, বেকার ভাতা ও অন্যান্য সুবিধা এবং নারী কর্মশক্তির সম্প্রসারণ সংক্রান্ত বিধানগুলির উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সেমিনারের শেষে মজুমদার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। VB-G RAM G আইন, ২০২৫ বিষয়ক একটি কুইজের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়।
ICOP–এর অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রকল্পের সুবিধাভোগী, কারিগর ও অন্যান্য উপকৃতরা।
