ওয়েব ডেস্ক; ২৩ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারত ট্যাক্সির ‘সারথি’ দের সঙ্গে আলাপচারিতা করলেন।

আলাপচারিতায় অমিত শাহ বলেন, যাঁরা পরিশ্রম করবেন মুনাফা তাঁদেরই হওয়া উচিত। উদ্দেশ্যটা হল ট্যাক্সি মালিকরা যেন সমৃদ্ধ হন। সারথিরাই প্রকৃত মালিক।

অমিত শাহ বলেন, দেশের ৫ টি বড় সমবায়কে একসঙ্গে করে ভারত ট্যাক্সি তৈরি করা হল। যখন সারথির সংখ্যা বাড়বে যদি কোনও সারতি অংশীদার হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন, তাহলে তিনি ৫০০ টাকা মূল্যের শেয়ার কিনলেই মালিকানা স্বত্ত্ব পাবেন। তিনি আরও বলেন, যখন বোর্ড অফ ডিরেক্টর্সের নির্বাচন হবে তখন কয়েকটি আসন সারথিদের জন্য সংরক্ষিত রাখা হবে।

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী বলেন, ভারত ট্যাক্সির উদ্দেশ্য বেসরকারি কোম্পানির মতো বিশাল মুনাফা করা নয়, ভারত ট্যাক্সির লক্ষ্য আমাদের চালক ভাইদের শক্তিশালী করা। ভারত ট্যাক্সির নীতি নির্ধারণ করবেন সারথিরাই। ভারত ট্যাক্সি চালকদের নিজস্ব সংস্থা। সহযোগিতাই এর পথ প্রদর্শন করবে।

অমিত শাহ জানান, ভারত ট্যাক্সির মোট আয়ের ২০ শতাংশ সারথির মূলধন হিসেবে জমা হবে। প্রথম ৩ বছর ভারত ট্যাক্সিকে জনপ্রিয় করে তোলার দিকে নজর দেওয়া হবে। এর পরে যা মুনাফা হবে তার ২০ শতাংশ থাকবে ভারত ট্যাক্সির, ৮০ শতাংশ পাবেন সারথি ভাইয়েরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, ভারত ট্যাক্সির সূচনা একটি বড় সমবায় আন্দোলন। এতে ভারত ট্যাক্সি সারথিদের ট্যাক্সি মর্টগেজ রাখবে এবং সমবায় ব্যাঙ্কের মাধ্যমে তাদের ঋণ দেবে। শ্রী অমিত শাহ জানান, এর মধ্যে কোনও লুকোছাপা নেই। সবধরনের তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সারথিদের। ভারত ট্যাক্সি একদিন বিশ্বে সবচেয়ে স্বচ্ছ ক্যাব পরিষেবা হয়ে উঠবে।

অমিত শাহ জানান, সারথি দিদির অর্থাৎ মহিলা চালকের কথা ভাবা হয়েছে। এতে মহিলা সারথিরা আত্মনির্ভর হয়ে উঠবেন এবং মহিলা যাত্রী ও সারথিদের সুরক্ষা নিশ্চিত হবে। ভবিষ্যতে ভারত ট্যাক্সি অ্যাপে ‘সারথি দিদি’-র সংস্থান থাকবে। কোনও একক মহিলা যাত্রী এর মাধ্যমে সারথি দিদির পরিষেবা পাবেন।

অমিত শাহ জানান, ভারত ট্যাক্সি ওয়েবসাইটে সারথিদের অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে। সারথিরা নিজেদের ড্রাইভার বলে পরিচয় দেবেন না, সারথিই বলবেন। ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাধান সম্ভব বলে শ্রী অমিত শাহ জানান। তিনি আরও বলেন, সারথিদের সঙ্গে নিয়মিত কথা বলা হবে। সামনাসামনি বা অনলাইনে তাঁদের সমস্ত সমস্যার কথা শোনা হবে নিয়মিত।