ওয়েব ডেস্ক; ২৫ মে : দেশের বেশ কয়েকটি অঞ্চলে জ্বালানির চাহিদা হঠাৎ এবং তীব্রভাবে বৃদ্ধি পেলেও, পেট্রোল (MS), ডিজেল (HSD) এবং এলপিজি (LPG)-র নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMCs) — ইন্ডিয়ানঅয়েল (IndianOil), বিপিসিএল (BPCL) এবং এইচপিসিএল (HPCL) — দেশজুড়ে তাদের কর্মসম্পাদন প্রক্রিয়া এবং লজিস্টিকস সমন্বয় বজায় রেখে চলেছে। আজ ইন্ডিয়ানঅয়েল-এর পক্ষ থেকে জারি করা একটি সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে একাধিক রাজ্য জুড়ে কৃষিভিত্তিক কাজকর্ম এবং ফসল কাটার মরশুম চলার কারণে পেট্রোলিয়াম পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেতে দেখছে তেল বিপণন সংস্থাগুলি। অন্যান্য সরবরাহকারীদের তুলনায় কম দাম হওয়ায় সাধারণ খুচরো গ্রাহকদের রাষ্ট্রায়ত্ত রিটেল আউটলেটগুলিতে (পেট্রোল পাম্পে) চলে আসা এবং সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক ভোক্তাদের একটি বড় অংশ খুচরো জ্বালানি বিক্রয় কেন্দ্রের দিকে ঝুঁকে পড়ার কারণে অতিরিক্ত চাহিদার চাপ সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে পুনর্ব্যক্ত করে বলা হয়েছে যে, রাষ্ট্রায়ত্ত ওএমসিগুলি তাদের টার্মিনাল, ডিপো, পাইপলাইন, এলপিজি বটলিং প্ল্যান্ট এবং খুচরো বিক্রয় কেন্দ্রের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রেখেছে। বাজারগুলিতে নির্বিঘ্ন পণ্য সরবরাহ এবং সময়মতো স্টক পুনর্পূরণ নিশ্চিত করতে সরবরাহকারী দল, পরিবহন ব্যবস্থা, টার্মিনাল অপারেশন এবং নির্দিষ্ট কিছু খুচরো বিপণনের আউটলেট ২৪x৭ (দিনরাত) কাজ করে চলেছে। বিবৃতিতে এও বলা হয়েছে, মসৃণ জ্বালানি সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত ওএমসিগুলি রাজ্য প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। তেল শিল্পসংস্থাগুলি ভোক্তাদের আশ্বস্ত করেছে যে, দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত স্টক উপলব্ধ রয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্ধিত চাহিদা দক্ষতার সাথে মোকাবিলা করতে রাষ্ট্রায়ত্ত ওএমসিগুলি ক্রমাগত স্টকের পরিস্থিতি পর্যালোচনা করছে এবং লজিস্টিকস ও বন্টন পরিকল্পনার বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় সাধন করছে।

গ্রাহকদের আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা (panic buying) এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। ভোক্তাদের জ্বালানির প্রাপ্যতা সম্পর্কিত সঠিক তথ্যের জন্য কেবল তেল বিপণন সংস্থাগুলি দ্বারা জারি করা সরকারি যোগাযোগের ওপর নির্ভর করার অনুরোধও জানানো হয়েছে।