ওয়েব ডেস্ক; ২৬ আগস্ট: ২০২৬ সালের জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে, দেশজুড়ে ১,৫০০-এরও বেশি স্থানে তরুণ-তরুণী, ক্রীড়াবিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একত্রিত করে “খেলো ইন্ডিয়া ডায়ালগ – খেল কি বাত, প্রধানমন্ত্রী মোদী কে সাথ” অনুষ্ঠিত হবে। ২৭ আগস্ট এই বিপুলাকার যুব অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।দেশব্যাপী এই উদ্যোগ উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের জন্য ভারতের ক্রীড়া ও যুব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তাদের ধারণা, পরামর্শ এবং উদ্ভাবনী চিন্তাভাবনা তুলে ধরার একটি প্রত্যক্ষ মঞ্চ গড়ে দেবে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি, আইআইএম, এনআইটি, এইমস এবং শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে যুক্ত করা হবে।

কর্মসূচির অন্তর্ভুক্ত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভার্চুয়াল ভাষণ। প্রধানমন্ত্রীর ভাষণের পর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলিতে একযোগে কর্মসূচিগুলি শুরু হবে।

এর লক্ষ্য হল – তরুণদের আকাঙ্ক্ষা ও ক্ষেত্র পর্যায়ের অভিজ্ঞতার সাথে নীতি-নির্ধারণী প্রক্রিয়ার সংযোগকে আরও শক্তিশালী করা। অংশগ্রহণকারী তরুণরা চারটি মূল বিষয়ের ওপর আলোচনা ও কার্যক্রমে যোগ দেবেন। ক্রীড়া ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা ও তৃণমূল পর্যায়ে সুযোগ-সুবিধার সম্প্রসারণ, প্রশিক্ষণ ও সুযোগের প্রসার; বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিভা শনাক্তকরণ ও ক্রীড়াবিদ উন্নয়নের মাধ্যমে ২০৩৬ সালের অলিম্পিকের জন্য প্রতিভা গড়ে তোলা। সেইসঙ্গে পরিচালন ব্যবস্থায় তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি; এবং ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও রাষ্ট্র গঠনের সুযোগ প্রদানের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন।

এই উদ্যোগের একটি অন্যতম বৈশিষ্ট্য খেলাধুলায় আগ্রহী তরুণদের সাথে ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও পদকজয়ীদের সরাসরি মতবিনিময়। দীপা কর্মকার, সাইনা নেহওয়াল, গগন নারাং, শ্রীজেশ, মেরি কম, বাইচুং ভুটিয়া, গোপীচাঁদ, অঞ্জু ববি জর্জ, কর্ণম মালেশ্বরী, মীরাবাঈ চানু এবং পি.টি. উষার মতো বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিখ্যাত ক্রিকেটাররা তরুণদের সাথে মতবিনিময় করবেন। তাঁরা তাঁদের ক্রীড়া-জীবনযাত্রা, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।

অংশগ্রহণের পরিধি কেবল ক্রীড়াবিদদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; সাংসদ,বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং রাজ্যের ক্রীড়া মন্ত্রীরাও তরুণদের সাথে মতবিনিময় করবেন এবং চিহ্নিত চারটি বিষয়ের ওপর তাদের ধারণা ও পরামর্শ গ্রহণ করবেন।

সেইসঙ্গে বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়ালগ কুইজের আয়োজন করা হবে এবং তরুণ অংশগ্রহণকারীদের মাই ভারত পোর্টাল – এ নিবন্ধনের জন্য উৎসাহিত করা হবে, যাতে একদিনের এই কর্মসূচির পরেও তরুণদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখার পথ প্রশস্ত হয়। ভারতের ক্রীড়া জগতের রূপান্তরের মূল চালিকাশক্তি যে দেশের যুবসমাজ “খেলো ইন্ডিয়া ডায়ালগ – খেল কি বাত, প্রধানমন্ত্রী মোদী কে সাথ” উদ্যোগটি এই ধারণাকেই সুদৃঢ় করতে চায়। তরুণদের আকাঙ্ক্ষা, ক্রীড়া-সংক্রান্ত অভিজ্ঞতা এবং নীতি-বিষয়ক দৃষ্টিভঙ্গিকে একটি অভিন্ন মঞ্চে নিয়ে আসার মাধ্যমে এই উদ্যোগের লক্ষ্য হল – দেশের ক্রীড়া ও যুব উন্নয়নের ভবিষ্যৎ রূপায়ণে তরুণদের মতামতকে অর্থবহ করে তোলা।
সূত্র : পি আই বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *