ওয়েব ডেস্ক; ২৫ আগস্ট: ভারত-জাপান অংশীদারিত্ব চিরাচরিত বাণিজ্যের পরিসর অতিক্রম করে অর্থনৈতিক নিরাপত্তা, প্রতিরক্ষা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা, প্রযুক্তি, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানীর মতো ক্ষেত্রেও প্রসারিত হয়েছে বলে টোকিও-য় জাপানিজ বিসনেজ ফেডারেশনের সভায় তাঁর ভাষণে উল্লেখ করেছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। ওই ফেডারেশন হল জাপানের অন্যতম প্রধান অর্থনৈতিক সংগঠন – যাতে জাপানের ১,৫০০-র বেশি শীর্ষ স্থানীয় বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিত্ব রয়েছে।
দুদেশের বাণিজ্য মহলের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করার ডাক দেন গোয়েল। জাপানি শিল্পপতিদের আরও বেশি করে ভারতে লগ্নি করার আমন্ত্রণ জানান তিনি। বাণিজ্য মন্ত্রী বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছরে ২০২৬ সালটিতে “ইন্ডিয়া-জাপান ইয়ার অফ শেয়ারড হরাইজন্স” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দশকেই ভারতের বাণিজ্য ক্ষেত্রে জাপানের সংস্থার উপস্থিতি দ্বিগুণ হওয়া দরকার বলে তিনি মনে করেন।
বাণিজ্য মন্ত্রী সুমিতোমো কর্পোরেশন, মিতসুবিশি কর্পোরেশন, টোকিও ইলেকট্রন সহ জাপানের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।
পরে, জাপানের জাতীয় নিরাপত্তা সচিবালয় সেক্রেটারি জেনারেল ইচিকাওয়া কেইচি-র সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে।
মূলধনী পণ্য ও গাড়ি শিল্পের কুশীলবদের সঙ্গেও শিল্প ও বাণিজ্য মন্ত্রী গোল টেবিল বৈঠক করেছেন। সেখানে দুদেশের এমএসএমই ক্ষেত্রের ৭০টি সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।
২৪-২৭ আগস্ট, ৪ দিনের জাপান সফরে আরও নানা কর্মসূচি রয়েছে বাণিজ্য মন্ত্রীর।
