ওয়েব ডেস্ক; ৬ জুলাই : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ উপরাষ্ট্রপতি ভবনে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ডঃ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সি পি রাধাকৃষ্ণাণ বলেন, দেশের ঐক্যের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। এই আত্মত্যাগ “কখনো বিফলে যাবে না”।
উপরাষ্ট্রপতি বলেন, ডঃ মুখোপাধ্যায় সেই ভারতের স্বপ্ন দেখেছিলেন, যেখানে অভিন্ন এক সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। দেশের সংহতির প্রতি তাঁর অঙ্গীকার এবং যে আদর্শের জন্য তাঁকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মধ্য দিয়ে।
সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি ডঃ মুখোপাধ্যায়কে “একজন বিশিষ্ট শিক্ষাবিদ, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং জাতি-নির্মাতা” হিসেবে বর্ণনা করেছেন, যিনি ভারতের শিক্ষা, রাজনীতি এবং গণতান্ত্রিক যাত্রাপথে চিরস্থায়ী প্রভাব বিস্তার করেছেন।
সি পি রাধাকৃষ্ণাণ লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য, গণপরিষদের সদস্য, অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি, স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী এবং ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা হিসেবে ডঃ মুখোপাধ্যায়ের দেশের প্রতি সেবা এক কথায় ব্যতিক্রমী।
ডঃ মুখোপাধ্যায় জাতীয় ঐক্য ও সংহতির জন্য সোচ্চার ছিলেন। জম্মু ও কাশ্মীরকে ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত করার সংগ্রামে তিনি প্রাণ বিসর্জন দেন। একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, আত্মনির্ভরশীল এবং উন্নত ভারত গড়ার সম্মিলিত উদ্যোগের ক্ষেত্রে তাঁর আদর্শ পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
