ওয়েব ডেস্ক; ১৭ মার্চ : ডাক বিভাগ ১৭ মার্চ থেকে ‘২৪ স্পিড পোস্ট’ পরিষেবা চালু করতে চলেছে। নতুন দিল্লির আকাশবাণী ভবনের ‘রঙভবন অডিটোরিয়াম’-এ দুপুর ১২:৩০ মিনিটে ডাক বিভাগের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া এবং যোগাযোগ প্রতিমন্ত্রী ড. চন্দ্র শেখর পেম্মাসানি এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
‘২৪ স্পিড পোস্ট’ পরিষেবার মাধ্যমে জরুরি ও সময় নির্ভর পার্সেল বা চালানগুলোর ক্ষেত্রে পরদিন নিশ্চিত ডেলিভারির (নেক্সট ডে গ্যারান্টেড ডেলিভারি)) সুবিধা চালু করা হচ্ছে। প্রথম ধাপে, এই পরিষেবা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ—এই ছয়টি শহরে পাওয়া যাবে। এর পাশাপাশি, ‘২৪ স্পিড পোস্ট’ এবং ‘৪৮ স্পিড পোস্ট’ পরিষেবাগুলো যথাক্রমে ‘ডি+১’ এবং ‘ডি+২’ সময়ের মধ্যে নিশ্চিত ডেলিভারির নিশ্চয়তা প্রদান করবে। বিশেষ ব্যবস্থা এবং আকাশপথে অগ্রাধিকারের ভিত্তিতে পরিবহনের মাধ্যমে এই সুবিধা নিশ্চিত করা হবে। এই পরিষেবাগুলোতে ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারির ব্যবস্থা, এসএমএস-এ সতর্ক বার্তাসহ শুরু থেকে শেষ পর্যন্ত ট্র্যাকিং সুবিধা, ব্যবসায়িক গ্রাহকদের জন্য ‘বি এন পি এল’ (বুক নাও, পে লেটার) সুবিধা, আকারে বড় এমন বুকিংয়ের ক্ষেত্রে বিনামূল্যে পার্সেল সংগ্রহের (পিকআপ) সুবিধা, এ পি আই ইন্টিগ্রেশন ও কেন্দ্রীয় বিলিং ব্যবস্থা এবং ডেলিভারিতে দেরি হলে অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা—ইত্যাদি নানা সুবিধা থাকবে। এর ফলে ‘ইন্ডিয়া পোস্ট’-এর প্রিমিয়াম এক্সপ্রেস ডেলিভারির করার ক্ষমতা আরও বাড়বে।
