ওয়েব ডেস্ক; ১৫ অক্টোবর : ডিজিটাল নির্ভরতার যুগে হাতে লেখা চিঠির মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে যৌথ উদ্যোগ গ্রহণ করল যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগ ও ইন্ডিগো। জাতীয় ডাক সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে ১২ অক্টোবর ডাকটিকিট সংগ্রহ দিবসে আয়োজিত এই ‘ডিজিটাল ডিটক্স অভিযান’-এর মাধ্যমে নির্বাচিত উড়ানের যাত্রীদের ডিজিটাল পর্দা থেকে বিরতি নিয়ে পোস্টকার্ডে প্রিয়জনদের উদ্দেশে মনের কথা লেখার আহ্বান জানানো হয়।
এই অভিযানের অংশ হিসেবে ইন্ডিগোর নির্বাচিত কয়েকটি উড়ানের যাত্রীদের মধ্যে বিশেষভাবে নকশা করা পোস্টকার্ড-সহ ডিজিটাল ডিটক্স কিট বিতরণ করা হয়। এর মাধ্যমে যাত্রীদের বিমানযাত্রার সময় ডিজিটাল পর্দা থেকে বিরতি নিয়ে হাতে চিঠি লেখার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া হয়।
কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, হায়দরাবাদ, মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে চলাচলকারী যাত্রীরা এই উদ্যোগে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। তাঁরা পোস্টকার্ডে প্রিয়জনদের উদ্দেশে নিজেদের মনের কথা লিখে গন্তব্য বিমানবন্দরে স্থাপিত ইন্ডিয়া পোস্টের নির্দিষ্ট ডাকবাক্সে জমা দেন। পরবর্তী সময়ে চিঠিগুলি প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই উদ্যোগের বিশেষ আকর্ষণ ছিল ছয়টি শহরের উল্লেখযোগ্য স্থাপত্য, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলির ছবি-সংবলিত বিশেষভাবে নকশা করা পোস্টকার্ড। এর মাধ্যমে একদিকে যেমন শহরগুলির স্বতন্ত্র পরিচিতি তুলে ধরা হয়, অন্যদিকে হাতে লেখা চিঠির মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি ও আন্তরিকতা প্রকাশের সুযোগ সৃষ্টি করা হয়।
৩০ হাজার ফুট উচ্চতায় ডিজিটাল পর্দা থেকে বিরতি নিয়ে প্রিয়জনদের উদ্দেশে চিঠি লিখলেন যাত্রীরা
অভিযানে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে বিমানের এক যাত্রী বলেন, “নীল টিকচিহ্নের এই যুগে ৩০ হাজার ফুট উচ্চতায় বসে আমি একটি পোস্টকার্ড লিখলাম! মেঘ আর নিস্তব্ধতার মাঝে জীবনের বিশেষ মানুষগুলির জন্য মনের কথা কাগজে কলমে লিখে জানানোর এক অনন্য মুহূর্ত খুঁজে পেয়েছিলাম।”
এই অভিযানের মাধ্যমে দৈনন্দিন জীবনে ডিজিটাল পর্দার ব্যবহার কমানো, মননশীলতা বৃদ্ধি এবং পারস্পরিক মানবিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে ডিজিটাল ডিটক্সের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে, আধুনিক যোগাযোগব্যবস্থার প্রসারের মধ্যেও হাতে লেখা চিঠির স্বতন্ত্র আবেদন ও আবেগগত গুরুত্ব যে অমলিন, তা এই উদ্যোগের মাধ্যমে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ডাক বিভাগ হাতে লেখা চিঠির ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের পাশাপাশি মানবিক যোগাযোগ সুদৃঢ় করার বার্তা দিয়েছে। ডিজিটাল নির্ভরতা কমিয়ে চিঠি লেখার অভ্যাসকে উৎসাহিত করাই উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *