ওয়েব ডেস্ক; ১৮ জুন: তথ্য-সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, দেশের বিনোদনক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে কেন্দ্র সচেষ্ট । কলকাতায় একটি বেসরকারি টিভি চ্যানেলের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান এবং দেশের বিনোদন ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন ।

মন্ত্রী, তাঁর ভাষণে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্মিক ঘটক, খাজা আহমেদ আব্বাসের মতো বাংলার কিংবদন্তীদের কথা উল্লেখ করেন । একই সঙ্গে সৃজনশীল বিভিন্ন কাজকর্মের কথা উল্লেখ করে সাম্প্রতিককালের চলচ্চিত্র পরিচালকদের কথাও বলেন ।

মন্ত্রী জানান, গত বছর ওটিটি প্ল্যাটফর্মে প্রায় ৯ হাজার ৮শো কোটি টাকার বাণিজ্য হয়েছে । ৩ হাজারের মতো সিনেমা তৈরির মধ্য দিয়ে তরুণ প্রজন্মের সৃজনশীল ব্যক্তিত্বদের উত্সাহ উদ্দীপনা প্রতিফলিত । টেলিভিশনে বিষয়বস্তুর সঙ্গে তার গুণমানের দিকটিও বিবেচনায় রাখা প্রয়োজন । টেলিভিশন জগতের বিভিন্ন সমস্যা স্বত্ত্বেও বিষয়বস্তু এবং গুণমান উভয় দিকেই যত্নশীল হতে হবে ।

‘এলিফ্যান্ট হুইসপ্যার’ তথ্যচিত্রের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, অস্কার বিজয়ী এই ছবিটির বিষয়বস্তু এবং গুণমান দুটিই ভাল থাকার কারণে তা পুরস্কৃত হয়েছে । এধরণের চলচ্চিত্র নির্মাণে পুরস্কার প্রাপ্তির বিষয়ে দেশের মানুষও গর্ববোধ করেন ।

অনুরাগ ঠাকুর চলচ্চিত্র এবং টেলিভিশনের অনুষ্ঠানের বিষয়বস্তুর ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন । তিনি জানান, একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে যেখানে বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা ভারতের চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল ছবি নির্মাণে সহায়তা করবেন ।

সূত্র: পি আই বি