ওয়েব ডেস্ক; ২৫ মে : প্রবীণ বিজ্ঞানী ডক্টর আনজুম রিজভির নেতৃত্বে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই)—অর্থাৎ ভারতীয় প্রাণী সর্বেক্ষণ কেন্দ্রের গবেষক কুমারী রীতীকা দত্ত তামিলনাড়ুর সমুদ্রতটে একটি নতুন প্রজাতির সামুদ্রিক কৃমি খুঁজে পেয়েছেন।
এই নতুন প্রজাতির নাম রাখা হয়েছে ফেরোনাস জয়রাজপুরি দত্ত অ্যান্ড রিজভি, ২০২৫। এটি একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র সামুদ্রিক নেমাটোড বা কৃমি, যেটি নিজের মতো করে সমুদ্রের তলায় বসবাস করে। এর বৈশিষ্ট্য হল, এটি ফেরোনাস নামক এক অত্যন্ত বিরল প্রজাতির প্রাণী। এই প্রজাতিটির এখন পর্যন্ত মাত্র তিনটি নমুনা পাওয়া গেছে—একটি দক্ষিণ আফ্রিকায় (১৯৬৬), একটি চীনে (২০১৫), আর সেই একই প্রজাতি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়াতেও দেখা গিয়েছে। এবারে ভারতের উপকূলে নতুন এই প্রজাতির খোঁজ মেলায় গোটা বিশ্বে এই গোত্রের বিস্তারের নতুন ধারণার সৃষ্টি হল।
এই কৃমিটির নামকরণ করা হয়েছে প্রয়াত অধ্যাপক এম. এস. জয়রাজপুরির স্মরণে। তিনি ভারতের অন্যতম বিশিষ্ট নেমাটোড-বিশেষজ্ঞ ছিলেন এবং তাঁর অমূল্য অবদানে ভারতের কৃমিবিজ্ঞান অনেক দূর এগিয়েছে।
জেডএসআই-এর অধিকর্তা ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায় জানালেন, “ফেরোনাস জয়রাজপুরি নামে নতুন এই কৃমির আবিষ্কার দেখিয়ে দিল, ভারতের উপকূলে কিরকম গোপন অথচ মূল্যবান জীববৈচিত্র্য লুকিয়ে রয়েছে। এমন প্রতিটি নতুন প্রাণীর সন্ধান আমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে যে এই সামুদ্রিক পরিবেশকে কীভাবে রক্ষা করা যায়। সমুদ্রের জীবনের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ।”
এই আবিষ্কার ফের একবার চোখে আঙুল দিয়ে দেখাল, আমাদের সমুদ্র ও উপকূল জুড়ে ছড়িয়ে থাকা নানা অজানা জীবের সন্ধানে গবেষণা চালিয়ে যাওয়া কতটা জরুরী।
