ওয়েব ডেস্ক ; ১৯ জুন : পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের STARPARD এর উদ্যোগে শুরু হল জেলা সম্পদ কর্মী ও প্রশিক্ষক গণের তিন দিনের একটি প্রশিক্ষণ শিবির I
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্থিত ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার এ (DPTRC ) এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উপস্থিত ছিলেন সুমিত গুপ্তা , জেলা শাসক দক্ষিণ ২৪ পরগনা ; নীলিমা বিশাল মিস্ত্রি, সভাধিপতি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ; বিশ্বজিৎ দত্ত, কমিশনার, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ; শ্রীমন্ত মালি , সহকারি সভাধিপতি , দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রমূখ I

উদ্বোধনী ভাষণে বিমান বন্দ্যোপাধ্যায় জানান যে সংবিধানের ১১ নম্বর তফসিলে পঞ্চায়েত কে যে প্রভূত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার সঠিক রুপায়নের জন্য জনপ্রতিনিধি গনের এবং সরকারি কর্মচারীবৃন্দেরও যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন। তিনি আশা করেন আগত প্রশিক্ষকগণ সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজে নিজে জেলায় উন্নয়নের ধারা ত্বরান্বিত করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ছটি ব্যাচে রাজ্যের সমস্ত জেলার প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, তার মধ্যে চারটি ব্যাচে ১৬ টি জেলার ২২১ জনকে ডিপিটিআরসি বারুইপুর থেকে প্রশিক্ষিত করা হবে I