ওয়েব ডেস্ক; ২৯ জানুয়ারি : প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্তের চাহিদা পূরণের জন্য ভারতীয় রেল বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রেল বোর্ডের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী সতীশ কুমার জানান, ১৪ জানুয়ারি পর্যন্ত ১৩২-১৩৫টি বিশেষ ট্রেন প্রয়াগরাজের জন্য চালানো হয়েছে। মৌনি অমাবস্যার কথা বিবেচনা করে আরও ট্রেন চালানো পরিকল্পনা করা হয়েছে। উত্তর রেল, উত্তরপূর্ব রেল এবং উত্তর মধ্য রেল এই সময়কালে ৩৬০টি ট্রেন চালানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে যা অভূতপূর্ব।
ভারতীয় রেল বিপুল যাত্রী সমাগমের কথা বিবেচনা করে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। রোড আন্ডার ব্রিজ, রোড ওভার ব্রিজ, বিভিন্ন রুটে দ্বিতীয় লাইন বসানো এবং স্টেশনগুলির মানোন্নয়ন করা হয়েছে। প্রয়াগরাজের প্রতিটি স্টেশনে অতিরিক্ত শৌচালয়ের পাশাপাশি পানীয় জলের জন্য প্রচুর কল ও ফুড কোর্টের ব্যবস্থা করা হয়েছে। প্রয়াগরাজ জংশন এবং প্রয়াগরাজ চৌকিতে যাত্রী সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে হুইল চেয়ার, লাগেজ ট্রলি যাত্রীদের দেওয়া হচ্ছে। এছাড়াও হোটেল ও ট্যাক্সি বুকিং-এর জন্য সহায়তা করা হচ্ছে। কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে তার জন্য ওষুধের ব্যবস্থা করা ছাড়াও শিশুদের দুধের ব্যবস্থাও করা হয়েছে।
কুম্ভ উপলক্ষ্যে অভূতপূর্ব জনসমাগমের প্রেক্ষিতে স্টেশনগুলিতে প্রচুর সংখ্যায় আরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। আরপিএফ সদস্যরা যাত্রীদের নির্দিষ্ট ট্রেনে তুলে দিতে সহায়তা করছে। স্টেশন চত্ত্বরে প্রচুর সিসিটিভি বসানো হয়েছে। এই সিসিটিভিগুলি থেকে যাত্রী ভিড় সামাল দিতে নানা ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় রেল উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে যাত্রীদের জন্য বিশেষ প্রতীক্ষালয়ের ব্যবস্থা করেছে। প্রয়াগরাজ স্টেশনের ঠিক বাইরে খুসরুবাগে এ রকমই একটি যাত্রী প্রতীক্ষালয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একসঙ্গে ১ লক্ষ যাত্রী থাকতে পারবেন।
