ওয়েব ডেস্ক; ৩ আগস্টঃ দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি পরিপূর্ণতা প্রচারাভিযান ১ জুলাই ২০২৫ থেকে শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম মাসেই এই প্রচারাভিযান গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। প্রতিটি যোগ্য নাগরিক যাতে সরকারের রূপান্তরমূলক প্রকল্পগুলির সুবিধা ভোগ করতে পারেন, সেজন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা দপ্তরের উদ্যোগে দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় এই অভিযান চালানো হচ্ছে।
এর উদ্দেশ্য হল, প্রধানমন্ত্রী জনধন যোজনা (পিএমজেডিওয়াই), প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (পিএমজেজেবিওয়াই), প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (পিএমএসবিওয়াই) এবং অটল পেনশন যোজনার (এপিওয়াই) সুফল থেকে কোনও যোগ্য নাগরিক যাতে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করা।
বিভিন্ন এলাকায় শিবির স্থাপন করে এইসব যোজনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। প্রথম মাসেই মোট ৯৯,৭৫৩টি শিবির স্থাপন করা হয়েছে।
অভিযান যতো এগোবে, ততই অন্তর্ভুক্তিমূলক ও সুস্থিত উন্নয়নের বৃহত্তর ভাবনাকে সামনে রেখে গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলিতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। কোথায় কোথায় শিবির স্থাপন করা হবে তা বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে যাতে মানুষজন এইসব শিবিরে আসেন এবং প্রকল্পগুলির সুবিধাভোগ নিশ্চিত করেন।
ভারত সরকার ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবাকে শেষতম ব্যক্তির কাছে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। এজন্য এই প্রকল্পগুলি রূপায়ণের প্রতিটি স্তরে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করা হচ্ছে।
