ওয়েব ডেস্ক; ৩১ আগস্ট: নতুন দিল্লিতে ১ সেপ্টেম্বর চতুর্থ ভারত-জার্মান পরিবেশ ফোরাম অনুষ্ঠিত হবে। যৌথ সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব এবং জার্মানীর পরিবেশ, জলবায়ু সুরক্ষা,প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কার্স্টেন স্নাইডার । এই ফোরামের মূল আলোচ্য বিষয় টুগেদার ফর মোর রেজিলিয়েন্স অর্থাৎ আরও সহনশীলতার লক্ষ্যে যৌথ প্রয়াস।
ভারত-জার্মান পরিবেশ ফোরাম হলো পরিবেশ নীতি সংক্রান্ত বিষয়ে ভারত ও জার্মানির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক ফোরাম। ২০০৮ সাল থেকে এই ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে। এতে সহায়তা করছে এশিয়া-প্যাসিফিক কমিটি অফ জার্মান বিজনেস এবং ভারতের বিভিন্ন শিল্প সংগঠন।
উভয় দেশের মন্ত্রী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এর লক্ষ্য দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবমুখী যৌথ কার্যক্রমকে এগিয়ে নেওয়া। ফোরামের নানা বিষয়ভিত্তিক আলোচনায় কম-কার্বন নিঃসরণকারী শিল্প; জলাভূমি, পর্বত ও বনাঞ্চলের জীববৈচিত্র্য; ব্যবসায়িক মডেল হিসেবে সম্পদের দক্ষতা ও বৃত্তীয় অর্থনীতি এবং অর্থায়ন, সবুজ দক্ষতা ও বিনিয়োগ সংগ্রহের মতো ক্ষেত্রগুলির চ্যালেঞ্জ, সমাধান ও সুযোগের ওপর আলোকপাত করা হবে।
এই ফোরামটি পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহযোগিতার ক্ষেত্রে নীতিনির্ধারক, বেসরকারি খাতের প্রতিনিধি, থিংক-ট্যাঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে দ্বিপাক্ষিক মতবিনিময়ের একটি মঞ্চ হিসেবে কাজ করে। বিভিন্ন মন্ত্রক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ গোষ্ঠী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এই ফোরামে অংশগ্রহণ করবেন।
ফোরামের আয়োজনের প্রাক্কালে, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য এবং বৃত্তীয় অর্থনীতি নিয়ে তিনটি যৌথ কার্যকরী গোষ্ঠী এ বছর বৈঠক করেছে।
ভারত ও জার্মানির মধ্যে শক্তিশালী ও ক্রমবর্ধমান অর্থনৈতিক ও শিল্প-সম্পর্ক এবং সুস্থায়ী প্রযুক্তি ও সবুজ অর্থনীতির ক্ষেত্রে আরও গভীর সহযোগিতা সম্ভাবনার প্রেক্ষাপটে এই ফোরামটি বিশেষ গুরুত্ব বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *