ওয়েব ডেস্ক; ১১ জানুয়ারি : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গত ৯ জানুয়ারি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট (সিএনসিআই)-এর নিউটাউন ক্যাম্পাস পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁরা হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

হাসপাতালের চিকিৎসক এবং কর্মীদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী সিএনসিআই – এর কাজের ভূয়সী প্রশংসা করেন। ভারতে প্রথম সরকারি ক্যান্সার হাসপাতাল হিসেবে এনএবিএইচ শংসাপত্র পেয়েছে এই হাসপাতাল, যাকে এক ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে চিহ্নিত করেন নাড্ডা। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে এর প্রশংসা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশে ক্যান্সার সংক্রান্ত শিক্ষা এবং সক্ষমতা নির্মাণের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

দেশে কেন্দ্রীয় সরকারের ২৭টি আঞ্চলিক ক্যান্সার প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হ’ল – সিএনসিআই। ১৯৫০ সালে হাজরায় এটি গড়ে ওঠে। হাসপাতালটির ২টি ক্যাম্পাস মিলিয়ে ৬৭০টি শয্যা রয়েছে। এছাড়া, এক শক্তিশালী গবেষণা পরিমণ্ডলও এখানে গড়ে উঠেছে।