ওয়েব ডেস্ক; ৫ মার্চ : কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব এবং ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী সারি মালতালার সঙ্গে নতুন দিল্লিতে দু’দেশের পরিবেশগত সহযোগিতা নিয়ে সমঝোতাপত্রের পুনর্নবীকরণ হয়েছে।
এক্স সমাজ মাধ্যমে একটি পোস্টে যাদব বলেছেন, ২০২০ সালে স্বাক্ষরিত এই সমঝোতাপত্রের পুনর্নবীকরণ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, বন ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনাকে জ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে আরও গভীরতা দেওয়া হবে।
পুনর্নবীকৃত এই সমঝোতাপত্র দু’দেশের মধ্যে উন্নত ব্যবহারিক পদ্ধতির লেনদেনে পরিকাঠামো গড়ে তুলবে, যা বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণ, মৃত্তিকা দূষণ ও প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃত্তাকার অর্থনীতি এবং বাতাসে কার্বন নিঃসরণ হ্রাস করতে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। সেইসঙ্গে, সামুদ্রিক ও উপকূল সম্পদ এবং সুসংহত জলসম্পদের ব্যবস্থাপনা ও সম্পদ সংরক্ষণে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
যৌথ উদ্যোগ এবং বিষয়-ভিত্তিক পারস্পরিক আলোচনার মাধ্যমে বৃত্তাকার অর্থনীতিতে সহযোগিতার ক্ষেত্র কিভাবে আরও প্রসারিত করা যায়, তা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।
