ওয়েব ডেস্ক; ৭ জুন : পরিবেশ দিবসে দেশের সুস্থায়ী ইস্পাত উৎপাদনের যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁলো স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)। সিন্টার প্ল্যান্ট-২-এর সিন্টার বেডে ‘কোক ওভেন গ্যাস ইনজেকশন সিস্টেম’-এর শুভ উদ্বোধন করেন ডঃ কে. রামকৃষ্ণ, নির্বাহী পরিচালক (কার্যনির্বাহ)। উপস্থিত ছিলেন পি. মুরুগেশন (নির্বাহী পরিচালক, প্রকল্প), সুষ্মিতা রায় (নির্বাহী পরিচালক, মানবসম্পদ), মোহিত মালপানি (নির্বাহী পরিচালক, অর্থ ও হিসাব) এবং মান নিয়ন্ত্রণ, আরএমএইচপি, ব্লাস্ট ফার্নেস, এসএমএস, মিলস ও আরডিসিআইএস বিভাগের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা।
কোক তৈরির প্রক্রিয়ার উপজাত কোক ওভেন গ্যাস মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ এক শক্তিশালী তাপশক্তির উৎস। কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সেইল/আরডিসিআইএস-এর সহযোগিতায় ডিএসপি সরাসরি সিন্টার বেডে কোক ওভেন গ্যাস প্রবাহিত করার প্রযুক্তি সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। এই ব্যবস্থার ফলে প্রতি টন গ্রস সিন্টারে প্রায় ৩.৫ কেজি কোক ব্রিজ কম লাগবে এবং এতে আনুমানিক ১১ কেজি কার্বন ডাই-অক্সাইড নির্গমন কম হবে।
এর আগে দেশে প্রথম সিন্টার তৈরির প্রক্রিয়ায় কোক ব্রিজের আংশিক বিকল্প হিসাবে বাঁশ-ভিত্তিক বায়োচার ব্যবহারে সফল পরীক্ষা করে ডিএসপি। এবার কোক ওভেন গ্যাস ইনজেকশনের সংযোজন ডিএসপি-র বহুমুখী ডিকার্বনাইজেশন কৌশলকে আরও মজবুত করল।
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দেশের ও বিশ্বের পরিবেশগত লক্ষ্য পূরণের দিকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং পরিবেশবান্ধব ইস্পাত উৎপাদনে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
