ওয়েব ডেস্ক; ৩১ মে : ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু (৩০ মে, ২০২৫) রাষ্ট্রপতি ভবনে ২০২৫ সালের জন্য পরিষেবিকাদের জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার প্রদান করেন। দেশের মোট ১৫ জন পরিষেবিকা বা নার্সকে এই সম্মানীয় পুরস্কার প্রদান করা হয়। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের ডলি বিশ্বাস অন্যতম।
শ্রীমতী ডলি বিশ্বাস বর্তমানে কলকাতার ফোর্টিস হাসপাতালের চিফ নার্সিং অফিসার হিসেবে কর্মরত। তিনি বিগত ২৭ বছর দরে ফোর্টিস হাসপাতালে কাজ করছেন। কার্ডিওভাসকুলার থোরাসিক বিশেষজ্ঞ এবং পোস্ট-গ্র্যাজুয়েট নার্স হিসেবে তিনি যথেষ্ট পরিচিত। সকলেই তাঁর যোগাযোগ দক্ষতা ও নরম স্বভাবের প্রশংসা করেন।
শ্রীমতী বিশ্বাস কোভিড ১৯-এর সময় রোগী পরিষেবা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ২০২২ সালে ‘কোভিড ওয়ারিয়র অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। তিনি হাসপাতালে নার্সিং প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন মানদন্ড গঠনে বিশেষ অবদান রেখেছেন। ২০২৪ এ তিনি দিল্লি থেকে কলকাতা গামী ইন্ডিগোর ৬ই ২৭৮৮ নম্বর ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত এক যাত্রীর প্রাণ রক্ষা করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। এই জরুরি অবস্থা ঘটে দিল্লির আইজিআই বিমানবন্দরের টার্মিনাল ৩-এ রানওয়েতে থাকা অবস্থায়। ওড়ার প্রস্তুতির মুহূর্তে এক ঘোষণার মাধ্যমে বিমানে থাকা যাত্রীদের মধ্যে কোন স্বাস্থ্যকর্মী থাকলে সাহায্যের অনুরোধ জানানো হয়। শ্রীমতী বিশ্বাস দুই তরুণ চিকিৎসকের সঙ্গে দ্রুত সেই ডাকে সাড়া দেন। রোগী সেবার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন।
