ওয়েব ডেস্ক; ১৫ অক্টোবর : বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত এক বড় ধরনের পাসপোর্ট চক্র ভেঙে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। এই সূত্রে গ্যাংটক-এর পাসপোর্ট সেবা লঘু কেন্দ্র (পিএসএলকে)-এর একজন সিনিয়র সুপারিনটেন্ডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রায় ৩ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আটক ও গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে বলে সিবিআই সূত্রে প্রকাশ। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতার ডেপুটি পাসপোর্ট অফিসার (ডিপিও), গ্যাংটক পিএসএলকে-র সিনিয়র সুপারিনটেন্ডেন্ট, অন্যান্য সরকারি কর্মচারী এবং কিছু কিছু ব্যক্তিও। অভিযোগে প্রকাশ, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কয়েকজন সরকারি কর্মী এবং গ্যান্টক পিএসএলকে-র কিছু কিছু কর্মী যোগসাজস করে একটি অপরাধচক্র গড়ে তুলেছিল। কয়েকজন পাসপোর্ট এজেন্ট এবং দালালও এই যোজসাজসে যুক্ত ছিল বলে ঘটনা সূত্রে প্রকাশ। জানা গেছে যে পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তরা কয়েকজন আবেদনকারীর পক্ষে মিথ্যা ও ভুয়ো নথিপত্র দাখিল করার মাধ্যমে বেআইনিভাবে পাসপোর্ট সংগ্রহ করে। ঐ আবেদনকারীরা কেউই ভারতে বসবাসকারী নাগরিক নন।

এই ঘটনার সঙ্গে যুক্ত গ্যাংটক পিএসএলকে-র একজন সিনিয়র সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করে সিবিআই কর্তৃপক্ষ। শিলিগুড়িতে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ঐ আধিকারিককে ধরে ফেলা হয়। দু’জনকেই আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আটককালে ধৃত সরকারি কর্মীর কাছ থেকে আনুমানিক ৩ লক্ষ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাসপোর্টের এই বেআইনি চক্র গুঁড়িয়ে দিতে কলকাতা, গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ কয়েকটি স্থানে জোর তল্লাশি অভিযান চালানো হয়। ঐ সময় বেশ কিছু বেআইনি ও সন্দেহজনক নথিপত্রও আটক করা হয়েছে। তদন্ত চলছে।