ওয়েব ডেস্ক; ২৯ জুন : কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২৮ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাঁতরাগাছি স্টেশন থেকে পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল, রেল পরিষেবার ক্ষেত্রের সম্প্রসারণ, প্রযুক্তি, পরিকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে রেলের আধুনিকীকরণ এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের উন্নতি ঘটানো। প্রায় ১২ লক্ষ রেলকর্মী এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন।

বৈষ্ণব বলেন, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নে ৪,৩৮০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, যা এখন বেড়ে ১৪০০০ কোটিতে দাঁড়িয়েছে। ২০১৪ থেকে ২০২৫, এই সময়ের মধ্যে কলকাতা মেট্রোর ৪১ কিলোমিটার সম্প্রসারণের কথা উল্লেখ করেন তিনি। মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে খিদিরপুর, চিংড়িহাটা এবং বেলেঘাটায় জমি অধিগ্রহণের সমস্যার কথা উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে বিষ্ণুপুর-তারকেশ্বর রেল লাইনেও একই সমস্যার কথা তুলে ধরেন তিনি।

অমৃত স্টেশন হিসেবে গত দেড় বছর ধরে সাঁতরাগাছি রেল স্টেশনে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে তার প্রশংসা করেন রেলমন্ত্রী। ২০৬৩ সালের মধ্যে এই স্টেশনটিকে দৈনিক ৫০,০০০-এর বেশি যাত্রীর যাতায়াতের উপযোগী আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকা কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৪ বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হওয়ার জন্য বৈষ্ণবকে অভিনন্দন জানান।

এই ট্রেন পরিষেবা চালুর ফলে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং সংলগ্ন অন্যান্য জেলার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

অনুষ্ঠানে লোকসভার সাংসদ প্রসূন ব্যানার্জি এবং সৌমিত্র খাঁ উপস্থিত ছিলেন।