ওয়েব ডেস্ক; ১ জানুয়ারি : ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক “লোটাস লাইট: দ্য রেলিকস অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান” শীর্ষক একটি সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করছে, যেখানে পবিত্র পিপরাহওয়া নিদর্শনগুলির পাশাপাশি গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট পুরাবস্তুগুলি প্রদর্শিত হবে। এই প্রদর্শনীটি বুদ্ধের শিক্ষার সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী সভ্যতাগত সংযোগ এবং এর সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণ ও উপস্থাপনের প্রতি ভারতের অঙ্গীকারকে তুলে ধরে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার, ৩ জানুয়ারি নতুন দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি ভারতের সাংস্কৃতিক ও কূটনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে, প্রদর্শিত নিদর্শনগুলির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম এবং বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায় এগুলির আরাধনা করে।
পিপরাহওয়া নিদর্শনগুলি উনবিংশ শতকের শেষের দিকে আবিষ্কৃত হয়। মনে করা হয় যে এগুলি শাক্য বংশের সংরক্ষিত গৌতম বুদ্ধের নশ্বর দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত। এগুলির প্রত্যাবর্তন ও সর্বসাধারণের জন্য প্রদর্শনের মধ্য দিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং বুদ্ধের শিক্ষায় মূর্ত শান্তি, সহমর্মিতা ও বোধি প্রাপ্তির সর্বজনীন মূল্যবোধকে প্রচার করার ক্ষেত্রে ভারতের ধারাবাহিক প্রয়াসের প্রতিফলন ঘটে।
প্রদর্শনীতে যা থাকবে:
- পবিত্র পিপরাহওয়া নিদর্শন এবং সংশ্লিষ্ট পুরাবস্তু
- তাদের ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং প্রত্নতাত্ত্বিক প্রেক্ষাপটের বর্ণনা
- বৌদ্ধধর্মের ধাত্রীভূমি হিসেবে ভারতের ভূমিকার উপর গুরুত্ব দিয়ে ব্যাখ্যাধর্মী বিবরণ
- পণ্ডিত, ভক্ত এবং সাধারণ মানুষ – সবাই যাতে একটি সুচিন্তিত পরিকল্পিত প্রদর্শনীর অভিজ্ঞতা লাভ করতে পারেন তার ব্যবস্থা।
