ওয়েব ডেস্ক; ৪ জুন: চিফ কমিশনার নিধি খারে এবং কমিশনার অনুপম মিশ্রের নেতৃত্বে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) ফিকিক্সওয়ালা লিমিটেড এবং ম্যাকেফি সফটওয়্যার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে ডাক প্যাটার্ন ব্যবহার করে ক্রেতা প্রতারণার দায়ে জরিমানা করেছে।

ফিজিক্সওয়ালাকে ৫ লক্ষ টাকা এবং ম্যাকেফি-কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই উভয় কোম্পানিকেই তাদের প্ল্যাটফর্মগুলি থেকে ক্রেতা প্রতারণার মতো ডার্ক প্যাটার্নগুলিকে অবিলম্বে সরিয়ে দিতে বলা হয়েছে। ক্রেতারা স্বাধীনভাবে তাঁদের পছন্দ যাতে বেছে নিতে পারেন, সেই অধিকার সুনিশ্চিত করতে বলা হয়েছে।

ক্রেতা সুরক্ষা, ২০১৯, ক্রেতা সুরক্ষা (ই-কমার্স) আইন, ২০২০ এবং ডার্ক প্যাটার্ন-এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ও নিয়মতান্ত্রিক নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফিজিক্সওয়ালার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করে সিসিপিএ। তাতে বলা হয় যে ক্রেতা প্রতারণার সঙ্গে তারা যুক্ত। বিভিন্ন ইন্টারফেস ডিজাইনকে ব্যবহার করে ক্রেতাদের স্বাধীন পছন্দ খর্ব করা হত। তারা যে সমস্ত ডার্ক প্যাটার্নগুলি ব্যবহার করত সেগুলি হল – বাস্কেট স্নিকিং, কনফার্ম শেমিং এবং ফোর্সড অ্যাকশন।

অন্যদিকে ম্যাকেফি সফটওয়্যার প্রাইভেট লিমিটেড-এর সাবস্ক্রিপশন পুনর্নবীকরণ ইন্টারফেসকে সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং ক্রেতাস্বার্থ বিরোধী বলা হয়েছে। সিসিপিএ পরীক্ষা করে দেখেছে, এক্ষেত্রে নিরপেক্ষ পছন্দের ক্রেতাদের সামনে কোনো সুযোগ ছিল না। দুটি অপশন সেখানে দেখানো হত – রিনিউ নাউ, অ্যাক্সেপ্ট রিস্ক। সিসিপিএ-এর বক্তব্য হল ‘অ্যাক্সেপ্ট রিস্ক’ – এই জাতীয় শব্দের ব্যবহার সাইবার নিরাপত্তার ঝুঁকির মুখে ক্রেতাদেরকে ঠেলে দেয়। এটা কোনভাবেই সাবস্ক্রিপশন রিনিউয়ালের পদ্ধতি হতে পারে না।

২০২৩ সালে এই ডার্ক পযাটার্ন প্রতিরোধ ও নিয়ন্ত্রণমূলক নির্দেশিকা সিসিপিএ বিজ্ঞপ্তির আকারে ৩০ নভেম্বর, ২০২৩ প্রকাশ করেছিল। এতে ১৩টি ডার্ক প্যাটার্নকে অনৈতিক ব্যবসা পদ্ধতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই বাধ্যবাধকতাকে জোড়ালো করতে সিসিপিএ ৫ জুন, ২০২৫ আরও একটি বিজ্ঞপ্তি দিয়েছে যাতে ই-কমার্স কোম্পানি এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে তাদের ইন্টারফেস থেকে ডার্ক প্যাটার্নগুলিকে সরিয়ে দেওয়া ও স্বেচ্ছা অডিটের জন্য বলা হয়েছে।
সূত্র : পি আই বি