ওয়েব ডেস্ক ; ১৮ অক্টোবর : ভারতের অন্যতম প্রধান সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য আকাদেমি জার্মানির ফ্র্যাংকফুর্টে আয়োজিত ৭৫তম আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে। অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত এই বইমেলা চলবে। ফ্র‍্যাংকফুর্টের এই বইমেলা পুস্তক কেনা-বেচার জন্য বিশ্বের বৃহত্তম স্থান। বিভিন্ন প্রকাশক ও লেখকরা বিশ্বের নানা প্রান্ত থেকে এসে এখানে সমবেত হন। এবারের এই বইমেলায় সাহিত্য আকাদেমি তাদের নিজেদের প্রকাশিত সেরা ১০০টি বই নিয়ে যাবে। ভারতীয় সাহিত্যকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাহিত্য আকাদেমির এই প্রয়াস। সাহিত্য আকাদেমি মেলায় তিনটি কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ১৬ তারিখ ভারতের ‘সাহিত্যের ঐতিহ্য’ শীর্ষক একটি বিশেষজ্ঞদের আলোচনার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন অধ্যাপক বদ্রিনারায়ণ, অধ্যাপক ধনঞ্জয় সিং এবং বিশ্বাস পাতিল। ১৬ তারিখ সন্ধ্যায় অপর এক কর্মসূচিতে ‘লেখকদের সঙ্গে সাক্ষাৎ’ শীর্ষক অনুষ্ঠানে বিশ্বাস পাতিলের সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে পারবেন জনগণ। সাহিত্য আকাদেমির সচিব ডঃ কে শ্রীনিবাস রাও এই দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সমাজ বিজ্ঞানের বিশিষ্ট প্রতিষ্ঠান এলাহাবাদের জিবিপন্থ ইন্সটিটিউটের অধ্যাপক ও নির্দেশক বদ্রিনারায়ণ একজন বিশিষ্ট লেখক ও কবি। অন্যদিকে, অধ্যাপক ধনঞ্জয় সিং আইসিএসএসআর-এর সদস্য সচিব এবং শ্রী বিশ্বাস পাতিল হলেন বিশিষ্ট মারাঠি লেখক ও শিক্ষাবিদ। ১৭ তারিখ লেখকের সঙ্গে সাক্ষাৎ শীর্ষক অনুষ্ঠানে অধ্যাপক বদ্রিনারায়ণের সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে পারবেন জনগণ। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্যের সঙ্গে পরিচিতি ঘটাতে সাহিত্য আকাদেমি এধরনের বইমেলাগুলিতে ভারতীয় লেখক প্রতিনিধিদলকে পাঠিয়ে থাকেন।