ওয়েব ডেস্ক; ৯ মে: গত ৮ ই মে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১৪৫ ব্যাটালিয়নের আইসিপি পেট্রাপোলের জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৫২ টি সোনার বিস্কুট সহ বাস চালক এবং তার সহকারীকে ধরেছে। জব্দ করা সোনার বিস্কুটগুলির ওজন ৬,৯৫০ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ৪,২৩,৬৪,৮৮২/- টাকা।

আসলে, ডিউটিতে থাকা আইসিপি পেট্রাপোলের জওয়ানরা জোরালো তথ্য পেয়েছিল যে রয়্যাল মৈত্রী ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার বাস (রেজি নং টিআর ০১ জি ১১৭১) দ্বারা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হতে চলেছে। এই যাত্রীবাহী বাসটি আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় আসে। খবর পাওয়ার পর, সকালে বাসটি আইসিপি পেট্রাপোলে পৌঁছলে জওয়ানরা তল্লাশির জন্য বাসটিকে থামায় এবং বিএসএফের নিরাপত্তা চেকিং পয়েন্টে নিয়ে আসে।

এর পরে, বিএসএফের অনুসন্ধান দল বাসটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায় এবং এর পেট্রোল ট্যাঙ্কের কাছে ফাঁপা পাইপে ৫২ টি সোনার বিস্কুট পাওয়া যায়। জওয়ানরা সঙ্গে সঙ্গেই বাসের চালক ও তার সহকারীকে আটক করে। ধরা পড়া চোরাকারবারিদের পরিচয় – মোঃ মোস্তফা (চালক) ও মতুর রহমান আকন্দা (হেলপার)। এই দুই পাচারকারীই বাংলাদেশের বাসিন্দা।

জব্দ করা সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারীদের কলকাতার ডিআরআই-এর কাছে হস্তান্তর করা হচ্ছে।

বিএসএফ মহাপরিচালক, আইসিপি পেট্রাপোল সফরের সময় জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করে, তাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেন।