ওয়েব ডেস্ক; ২৭ এপ্রিল; কলকাতা; দেবাঞ্জন দাস : গত ২৬ এপ্রিল, শুক্রবার দ্বিতীয় দফা নির্বাচনে উত্তর দিনাজপুরে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের ৮৪,৮৫ নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল স্বাভাবিকভাবেই। এই বুথে ভোট দিতে আসেন ওই বুথের ভোটার সোনা নন্দী। হঠাৎই খবর আসে তার ৮ বছরের ছেলে যতীন নন্দীকে বাড়িতে খেলার সময় সাপে কামড়েছে। সোনা নন্দী স্বাভাবিকভাবেই অস্থির হয়ে পড়েন এই খবর শুনে। ওই ভোটকেন্দ্রে উপস্থিত বিএসএফ অ্যাডহক ৪৪৭ ব্যাটেলিয়ানের অন্তর্গত বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তৎপরতা দেখায়।
একদিকে ভোটকে সুষ্ঠভাবে পরিচালনার দায়িত্ব, অন্যদিকে একজন শিশুকে প্রাণ বাঁচানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। সেই কর্তব্যরত বিএসএফ জওয়ানদের মধ্যে কিছু জওয়ান ভোটের দায়িত্বে থাকা একটি গাড়ি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে সঠিক সময় সেই শিশুকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যায়। শুরু হয় যতীনের চিকিৎসা।
ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে, যতীন নন্দী সঠিক সময়ে চিকিৎসা পাওয়ার ফলে এখন নিরাপদেই রয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এ কে আর্য, ডিআইজি বলেছেন যে , “এই ঘটনাটি কেবল আমাদের নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখতে নয় বরং সংকটের সময়ে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বিএসএফের উত্সর্গের একটি উদাহরণ।”
