ওয়েব ডেস্ক; ২ জুন: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ কর্মীরা বিভিন্ন ঘটনায়, তাদের দায়িত্ব এলাকা থেকে মাছের ডিম ভর্তি ৭৬ টি প্লাস্টিকের ব্যাগ জব্দ করেছে। বাজেয়াপ্ত মাছের ডিমের বাজার মূল্য ১৮,২৫,০০০/- টাকা। চোরাকারবারীরা ওই ডিম ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।

প্রথম ঘটনায়, ২ জুন সীমা চৌকি ঘোজাডাঙ্গা, ১৫৩ ব্যাটালিয়নের কর্মীরা ৬-৭ জন চোরাকারবারীকে মাথায় ব্যাগ নিয়ে দ্রুত সীমান্তের দিকে যেতে দেখেন। জওয়ানরা তাদের ধাওয়া করে চ্যালেঞ্জ করে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে তারা ঘন অন্ধকার ও লম্বা ঘাসের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তারপরে, জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় এবং ঘটনাস্থল থেকে মাছের ডিম ভর্তি ১৮ টি প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করে।

একই দিনের আরেকটি ঘটনায় সীমা চৌকি রানঘাটে ৬৮ ব্যাটালিয়নের কর্মীরা ৮-৯ জন চোরাকারবারীকে কোদালিয়া নদীর দিকে যেতে দেখে। জওয়ানরা চোরাকারবারিদের ধাওয়া করলে পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীয় গ্রামের দিকে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে ২৭ প্যাকেট মাছের ডিম বাজেয়াপ্ত করে।

অন্য একটি ঘটনায়, সীমা চৌকি রানঘাটের জওয়ানরা একটি সন্দেহজনক ভ্যানকে ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে মাছের ডিমের ৩১ টি প্যাকেট জব্দ করে। তবে চোরাকারবারী অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে গ্রামের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বদা তৎপরতার সাথে আন্তর্জাতিক সীমান্তে দায়িত্ব পালন করে এবং চোরাকারবারীদের সব গতিবিধিই তাদের নখদর্পণে। তিনি আরও বলেছেন যে চোরাকারবারীরা নতুন উপায়ে পাচার করার চেষ্টা করে কিন্তু সতর্ক বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।