ওয়েব ডেস্ক; ২৭ সেপ্টেম্বর: গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১১৫ ব্যাটালিয়নের সীমা চৌকি খান্দুয়ার জোয়ানরা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে ৭.৩ কেজি মাদকদ্রব্য (হেরোইন) আটক করেছে। এই মাদক দ্রব্য চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পার করানোর পরিকল্পনা করছিল।

আসলে, গভীর রাতে কর্তব্যরত জোয়ানরা তাদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে অবগত হন। জোয়ানরা কিছু চোরাকারবারীকে হাতে ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হতে দেখে। জোয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ভয় পেয়ে ব্যাগ সেখানে রেখে পালিয়ে যায়। জোয়ানরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ তল্লাশি করলে ৭.৩ কেজি বাদামি রঙের মাদকদ্রব্য পাওয়া যায়। সূত্রে জানা যায়, এটি হেরোইনের মতো ব্যবহার যোগ্য।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র এ কে আর্য, ডিআইজি জোয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চোরাচালানকারীরা যাতে তাদের ঘৃণ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেজন্য সম্ভাব্য সব চোরা রাস্তাতে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে।