ওয়েব ডেস্ক; ১৪ সেপ্টেম্বর : গত ১২ সেপ্টেম্বর, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি মাহাদিপুর, ৭০ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে বিভিন্ন কোম্পানির ৫০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাচার করার সময় এক ট্রাক চালককে ধরেছে। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য ৫,১৬,০০০/- টাকা। চোরাকারবারীরা এসব মোবাইল ফোন ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমা চৌকি মাহাদীপুরের জওয়ানরা আইসিপি মাহাদীপুরে ভারত থেকে বাংলাদেশগামী একটি সন্দেহজনক ট্রাক (রেজি. নং ইউপি ৮৩ টি ০৬৫৪) থামায়। জওয়ানরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে। ধৃত ট্রাক চালকের পরিচয় আজাদ আলী (৩৮ বছর), গ্রাম মিস্ত্রিপাড়া, থানা কালিয়াচক, জেলা মালদা বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানায়, এই মোবাইলগুলো সে তার সাথী রশিদ-গ্রাম ১৬ মাইল, জেলা মালদার কাছ থেকে নিয়েছিল। এরপর বাংলাদেশে পৌঁছে আইসিপি সোনামসজিদের কাছে অজ্ঞাত চোরাকারবারির কাছে এই মোবাইলগুলো তুলে দিতে যাচ্ছিল। কিন্তু ঘটনাস্থলেই বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে।

ধৃত ট্রাক চালক এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা ইংলিশ বাজার, মালদাকে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র এ কে আর্য, ডিআইজি বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি কঠোর ভাষায় বলেন, বিএসএফ সদস্যরা তাদের দায়িত্বের এলাকা থেকে চোরাচালান বন্ধে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কোনো অবস্থাতেই তাদের এলাকা থেকে চোরাচালান হতে দেবেন না।