ব্যুরো রিপোর্ট, শুভাবরি ওয়েব ডেস্ক, ২১ আগস্ট , কলকাতা: আজ সকালে মুর্শিদাবাদ জেলার সমশেরগঞ্জ থানার বলবলপাড়া এলাকায় এক ব্যাগ তাজা বোমা পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তোলপাড় শুরু হয়। যেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে, সেই জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। কে বা কারা তাজা বোমা ভর্তি ব্যাগ মাঠে ফেলেছে তা খতিয়ে দেখছে সমশেরগঞ্জ থানার পুলিশ।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সমসেরগঞ্জ থানার পুলিশ বলবলপাড়া এলাকায় একটি ইটভাটা সংলগ্ন একটি খালি মাঠে অভিযান চালায়। এরপর সেখানে একটি সেগুন গাছের পাশে রাখা ব্যাগের ভেতরে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধারের পর এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। বম্ব স্কোয়াড দলকে খবর দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে এবং কারা সেখানে বোমাটি রেখেছিল তা পুরো বিষয়টি খতিয়ে দেখছে সমশেরগঞ্জ থানার পুলিশ।