ওয়েব ডেস্ক; ৩ জুলাই : ভারতের টেলিফোন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ট্রাই, পশ্চিমবঙ্গের লাইসেন্সড সার্ভিস এরিয়ার অধীনে থাকা সিকিমের বিভিন্ন অঞ্চলে মোবাইল ফোনের পরিষেবা সংক্রান্ত গুণমান পরীক্ষা করেছে। সিকিমের গ্যাংটক ও পাকিয়ং জেলা এবং গ্যাংটকের দেওরালি বাজার থেকে জাতীয় সড়ক ৩১০ বরাবর নাথু লা পাস পর্যন্ত অঞ্চলে নিরপেক্ষভাবে পরীক্ষানিরীক্ষা চালানো হয়। ৮ এবং ৯ মে এই পরীক্ষাগুলি করা হয়েছে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে টেলিফোনের সিগন্যাল স্ট্রেংথ মূল্যায়ন করা ছাড়াও, ফোন করার সময় কল ড্রপ, ডেটা সরবরাহের ক্ষেত্রে আপলোড ও ডাউনলোডের গতি এবং ভয়েস সার্ভিস নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়। কল ড্রপ এবং কল সাইলেন্সের সমস্যা কোথায় কোথায় হয়েছে, সেটি একটি ম্যাপে স্পষ্ট করে দেখানো হয়েছে।
