ওয়েব ডেস্ক; ৭ অক্টোবর: হোমিওপ্যাথির কেন্দ্রীয় গবেষণা পর্ষদ সম্প্রতি হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারের প্রয়াস প্রতিষ্ঠিত ডাঃ অঞ্জলি চ্যাটার্জী আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় শহরে পূর্বাঞ্চলের হোমিওপ্যাথি সম্মেলনের আয়োজন করে। রোগীর চিকিৎসায় হোমিওপ্যাথিকে প্রাথমিক পছন্দ করে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। পূর্বাঞ্চলের জন্য আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডাঃ মহেন্দ্রভাই মঞ্জুপারা।
অনুষ্ঠানে মন্ত্রী পশ্চিমবঙ্গে হোমিওপ্যাথির ক্ষেত্রে যে গবেষণাগুলি চলছে তার প্রশংসা করেন। তিনি বলেন, সরকার পরিকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং আয়ুষ সম্পদের জন্য প্রয়োজনীয় গবেষণা ও ওষুধ তৈরির বিষয়ে বিশেষ নজর দিচ্ছে।
তিনি আর-ও বলেন, পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথির ক্ষেত্রে ভারতের রাজধানী। এখান থেকে এই চিকিৎসা পদ্ধতি দেশের অন্য অংশে ছড়িয়ে পড়েছে।
ডাঃ মহেন্দ্রভাই বলেন, সমগ্র বিশ্বের সামনে হোমিওপ্যাথির সুফলকে তুলে ধরার সময় এসেছে। চিকিৎসা ক্ষেত্রে উন্নতির জন্য আরও বিস্তারিত গবেষণায় জোর দেবার কথাও বলেন তিনি। মন্ত্রী বলেন, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে শিক্ষা ও গবেষণায় ভারত বিশ্বকে নেতৃত্ব দিতে সমর্থ। উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
মন্ত্রী আয়ুষ মন্ত্রক গৃহীত বিভিন্ন আয়ুষ ঔষধি প্রসঙ্গে উদ্যোগগুলির কথাও উল্লেখ করেন তাঁর বক্তব্যে। হোমিওপ্যাথিতে উন্নতমানের গবেষণার জন্য আয়ুষমন্ত্রক ইতিমধ্যেই বাজেট বরাদ্দ বাড়িয়েছে বলে মন্ত্রী জানান।
সিসিআরএইচ জনপরিষেবা, অতিমারী মোকাবিলা, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা, হাসপাতাল ভিত্তিক চিকিৎসা এবং বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে তার প্রশংসা করেন আয়ুষমন্ত্রী। শিক্ষাদান বা গবেষণা ও চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কাজের মান ক্রমাগত উন্নত করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডাঃ মঞ্জুভাই।
এবারের এই সম্মেলনের মূল ভাবনা ছিল “হোমিও পরিবার – সকলের স্বাস্থ্য, এক স্বাস্থ্য, এক পরিবার”। যে কোন পরিবারের সকল সদস্যের সামগ্রিক সুস্থতার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার ওপরে এই সম্মেলনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবার যেন চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথিকেই প্রাথমিক পছন্দ করেন, সেবিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের সম্মেলনে।
অনুষ্ঠানে হোমিওপ্যাথির গবেষণার কেন্দ্রীয় পরিষদ (সিসিআরএইচ) এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথি, খড়গপুর ও জাতীয় হোমিওপ্যাথি প্রতিষ্ঠান (এনআইএইচ) ও আইআইটি খড়গপুরের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। সিসিআরএইচ-এর মহানির্দেশক ডাঃ সুভাষ কৌশিক, এনসিএইচ-এর চেয়ারপার্সন ডাঃ অনীল খুরানা, এনআইএইচ-এর নির্দেশক ডাঃ সুভাষ সিং, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ রতিন চক্রবর্তী, আয়ুষ মন্ত্রকের উপদেষ্টা ডাঃ সঙ্গীতা দে দুগার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
