ওয়েব ডেস্ক; ২ মে: দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত বিএসএফ সদস্যরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্বের এলাকায় ১৬ কেজি গাঁজা ও ৪৪৫ বোতল ফেনসিডিল সহ এক বাংলাদেশি পাচারকারীকে আটক করেছে । জব্দকৃত ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ৯১,৩৬৩/- টাকা।
বিবৃতি অনুসারে, ঘটনাটি ঘটে ১ মে বিএসএফের ১৪১ ব্যাটালিয়নের সীমা চৌকি নিউ উদয় এলাকায়। বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ থেকে কর্তব্যরত জওয়ানদের জানানো হয়েছিল যে কিছু চোরাকারবারি গাঁজা ও ফেনসিডিল পাচারের চেষ্টা করবে। ভোরের দিকে জওয়ানরা তাদের এলাকায় চোরাকারবারিদের গতিবিধি লক্ষ্য করে। এর পরে জওয়ানরা এলাকায় অ্যামবুশ ও টহল বাড়িয়ে দেয়। চোরাকারবারীরা জওয়ানদের তাদের দিকে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জওয়ানরা চোরাকারবারিদের ধাওয়া করে এক চোরাকারবারীকে ধরে ফেলে, যার কাছ থেকে ওই সামগ্রী উদ্ধার করা হয়।
আটক পাচারকারীর পরিচয় – মোহাম্মদ রুবেল (২০), জেলা কুষ্টিয়া, বাংলাদেশ বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, এই সামগ্রী গুলো তাকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি দিয়েছে। এরপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নান্টু মন্ডল, হাফিজ শেখ ও ছোটুন মন্ডলের কাছে ওই মালামাল হস্তান্তর করার কথা ছিল।
গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হুগলবেড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিএসএফ জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি তাদের কর্তব্যরত জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কঠোর ভাষায় বলেন যে তার জওয়ানরা সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরণের অপরাধ ঘটতে দেবেন না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দেবেন না।
