ওয়েব ডেস্ক; ২৮ মে: গত ২৭শে মে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি নিউ পিপলি, অ্যাডহক এসবি-৩ ব্যাটালিয়নের জোয়ানরা চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে কচ্ছপের চোরাচালান বানচাল করেছে। জওয়ানরা চোরাকারবারিদের কবল থেকে ১৪০ টি কচ্ছপকে মুক্ত করেছে । চোরাকারবারীরা এসব কচ্ছপ ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।
চোরাচালানের চেষ্টার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, জওয়ানরা সাসডাঙ্গা গ্রামে দুই চোরাকারবারীর কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। এরপর জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে চ্যালেঞ্জ করে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীয় গ্রামের দিকে ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়। এর পরে, জওয়ানরা আশেপাশের এলাকায় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালায়, যার ফলস্বরূপ জওয়ানরা ঘটনাস্থল থেকে দুটি ছোট ব্যাগ উদ্ধার করে যাতে ১৪০ টি কচ্ছপ রাখা ছিল। জওয়ানরা সঙ্গে সঙ্গে কচ্ছপগুলোকে নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া সব কচ্ছপকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বন দফতর বনগাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।
অ্যাডহক এসবি-৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানিয়েছেন যে সীমান্তে ঘটা বিরল প্রজাতির পাখি এবং জলজ প্রাণীর চোরাচালান বন্ধ করতে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই তাদের এলাকা থেকে কোনো ধরনের চোরাচালান হতে দেবেন না।
