ওয়েব ডেস্ক; ১৭ সেপ্টেম্বর : 20501 আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী সাপ্তাহিক এক্সপ্রেস ( যেটি আগরতলা থেকে আগামী 15.1.2024 তারিখে যাত্রা শুরু করবে) মালদা টাউন স্টেশনে নতুন স্টপেজের জন্য তা পিআরএস এবং ইন্টারনেট কাউন্টারগুলির মাধ্যমে টিকিট বুকিং শুরু হল। এই উপলক্ষ্যে মালদা টাউন স্টেশনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
আগরতলা থেকে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন-ভাগলপুর হয়ে ঘুরপথে চলবে এবং আপ ডাউন উভয়পথেই মালদা টাউন, ভাগলপুর, জামালপুর এবং পাটনা স্টেশনে দাঁড়াবে।
মাননীয় সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সংবাদমাধ্যমের সামনে ব্যাখ্যা করেন – যে আগরতলা – আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসের এই মালদা টাউন স্টেশনে নতুন স্টপেজটি চালু করার মাধ্যমে মালদার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি কীভাবে পূরণ হয়েছে। মাননীয় সাংসদ এবং মাননীয়া বিধায়ক সাংবাদিকদের আরও জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রেল মন্ত্রক পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য 50,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র সাহা মহাশয়ও।
সাংবাদিক সম্মেলনের শুরুতে, বিকাশ চৌবে, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, মালদা, আগরতলা – আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস (সাপ্তাহিক) এর মালদা টাউন স্টেশনে নতুন স্টপেজ সম্পর্কে বিস্তারিত জানান।
20501 আগরতলা – আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস এবং 20502 আনন্দ বিহার – আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস যথাক্রমে 15.1.2024 ও 17.01.2024 তারিখ থেকে যাত্রা শুরু করে মালদা টাউন-ভাগলপুর হয়ে নতুন রুটে চলাচল করবে। 20501 আগরতলা – আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস (সাপ্তাহিক) আগরতলা থেকে প্রতি রবিবার 15:10 ঘটিকায় যাত্রা শুরু করে সোমবার সকাল 10:50 ঘটিকায় আনন্দ বিহারে পৌঁছাবে এবং 20502 আনন্দ বিহার – আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস (সাপ্তাহিক) প্রতি বুধবার আনন্দ বিহার টার্মিনাল থেকে 19:50 ঘটিকায় ছেড়ে বৃহস্পতিবার 15:40 ঘটিকায় আগরতলায় পৌঁছাবে । এই ট্রেনটি আপ এবং ডাউন উভয়পথেই আমবাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, হোজাই, গুয়াহাটি, রাঙ্গিয়া, বরপেটা রোড, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ভাগলপুর, জামালপুর, পাটনা, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে। 20501 এবং 20502 যথাক্রমে 15:00 ঘটিকায় এবং 16:25 ঘটিকায় মালদা টাউনে স্টেশনে এসে পৌঁছাবে এবং ১০ মিনিটের জন্য থামবে। অত্যাধুনিক এলএইচবি রেক সহ এই তেজস রাজধানী এক্সপ্রেসে ১ম, ২য় এবং ৩য় শ্রেনীর বাতানুকূল কামরায় মোট 972টি বার্থ রয়েছে।
মালদা টাউন-ভাগলপুর-জামালপুর- পাটনা হয়ে 20501 আগরতলা-আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেসের (সাপ্তাহিক) বুকিং 17.9.2023 তারিখ থেকে PRS কাউন্টার এবং ইন্টারনেটের মাধ্যমে শুরু হয়েছে। তেজস রাজধানীতে শ্রেণীভিত্তিক বেস ভাড়া সংশ্লিষ্ট শ্রেণীর জন্য রাজধানী পরিষেবার বেস ভাড়ার থেকে 5% বেশি হবে। এই নতুন ধরনের পরিষেবার জন্য ফ্লেক্সি ভাড়ার সমস্ত নিয়ম প্রযোজ্য হবে। এই ট্রেনে তৎকাল কোটার টিকিটও পাওয়া যাবে।
