ওয়েব ডেস্ক; ২৫ নভেম্বর : উত্তরপূর্বাঞ্চলে বিদেশী সিগারেটের চোরাচালান দমনের জন্য রাজস্ব গোয়েন্দা বিভাগ মিজোরামে ২১ ও ২২ নভেম্বর ‘অপারেশন ফিল্টার আউট’ শীর্ষক সুসমন্বিত অভিযান চালায়। অসম রাইফেলস এবং সীমান্তরক্ষী বাহিনী এই অভিযানে সহায়তা করে।
২১ নভেম্বর, মিজোরামের মামিত জেলার কানমুনে ভোররাতে একটি সন্দেহজনক গাড়ি থেকে ওরিস, উইন এবং বেনসন অ্যান্ড হেজেস-এর ১৬৫ কার্টন অর্থাৎ ১৬ লক্ষ ৫০ হাজারটি সিগারেট উদ্ধার করা হয়। এর পর, ওই একই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১১০ কার্টন অর্থাৎ ১১ লক্ষ ওরিস এবং বেনসন অ্যান্ড হেজেস ব্লু গোল্ড সিগারেট উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানকার একটি গুদাম থেকে ৮৭ কার্টন অর্থাৎ ৮ লক্ষ ৭০ হাজার প্যারিস স্পেশাল ফিল্টার, এক্সএসও ব্লাক ফ্রুটস এবং বেনসন অ্যান্ড হেজেস ব্লু গোল্ড সিগারেট উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
২২ তারিখে তল্লাশি চালিয়ে মিজোরামের লুংলেই-এর চাঁদমারি এলাকায় দুটি গুদাম ও একটি বাড়ি থেকে ৩৭৫ কার্টন অর্থাৎ ৩৭ লক্ষ ৫০ হাজার ওরিস, উইন, ভি, ফারস্টার, ইজলাইট, প্যাট্রন, মন্ড অ্যান্ড ভ্যালিয়ান্ট উদ্ধার করা হয়েছে। সেখান থেকে গ্রেপ্তার হয়েছে একজন।
সব মিলিয়ে ৩টি অভিযান থেকে মোট ৭৩ লক্ষ ৭০ হাজার বিদেশী ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ১৪.৭৪ লক্ষ কোটি টাকা। এই সিগারেটের প্যাকেটগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত বাধ্যতামূলক সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও ছবি ছিল না।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলি মায়ানমার থেকে ভারত-মায়ানমার সীমান্তের জোকাথার অঞ্চল দিয়ে মিজোরামে ঢুকেছিল। সীমাশুল্ক আইন ১৯৬২-র সংস্থান অনুযায়ী এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
